প্রিন্ট এর তারিখ : ১১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব সম্পন্ন: তিমির নন্দীকে 'কলিম শরাফী' সম্মাননা প্রদান
ঢাকা নিউজ ডেস্ক ||
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে দুই দিনব্যাপী ‘৩৭তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৯ ও ১০ মে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এই বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হয়। এবারের উৎসবের প্রতিপাদ্য ছিল— ‘রথের চাকার রবে জাগাও জাগাও সবে, আপনার ঘরে এসো বলভরে, এসো এসো গৌরবে’।উৎসবের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাশিল্পী অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিশিষ্ট শব্দসৈনিক ও শিল্পী তিমির নন্দীকে সংস্থার পক্ষ থেকে ‘কলিম শরাফী পুরস্কার ও সম্মাননা’ প্রদান করা হয়। এবারের উৎসবটি সদ্যপ্রয়াত কিংবদন্তি আশা ভোঁসলে, শিল্পী শাহজাহান হাফিজ এবং ডালিয়া নওশীনের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে।দুই দিনের এই আয়োজনে সারা দেশ থেকে আগত প্রায় দুই শতাধিক শিল্পী একক ও সমবেত কণ্ঠে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। সংগীতের পাশাপাশি ছিল মনোজ্ঞ নৃত্য ও আবৃত্তি। প্রখ্যাত শিল্পী রফিকুল আলম, লিলি ইসলাম, লাইসা আহমেদ লিসা, বুলবুল ইসলামসহ আরও অনেকের পরিবেশনা উৎসবকে প্রাণবন্ত করে তোলে। এছাড়া সংগীতাঞ্জলী, উত্তরায়ণ ও বিশ্ববীণাসহ বেশ কিছু সাংস্কৃতিক সংগঠন এতে অংশগ্রহণ করে।সংস্থার প্রচার সম্পাদক খোকন চন্দ্র দাস জানান, রবীন্দ্রচর্চার শুদ্ধ ধারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। অনুষ্ঠানটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংস্থার সভাপতি তপন মাহমুদ ও সাধারণ সম্পাদক পীযূষ বড়ুয়া। রবীন্দ্রনাথের সৃষ্টিশীল ভাবনায় সমৃদ্ধ এই উৎসবটি সব রবীন্দ্রপ্রেমীর জন্য এক মিলনমেলায় রূপ নিয়েছিল।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ