প্রিন্ট এর তারিখ : ১২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬
আড়াই বছরের শিশুসহ মা শ্রীঘরে, ফটকে দুই সন্তান
ঢাকা নিউজ ডেস্ক ||
লক্ষ্মীপুরে একটি মারামারি মামলায় ফারহানা আক্তার শিল্পী নামের এক নারীকে আড়াই বছরের দুধের শিশুসহ কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকেলে শিল্পী ও অপর আসামি জহির উদ্দিনকে জেলা কারাগারে পাঠানো হয়। এ সময় জেল গেটে স্কুলড্রেস পরিহিত শিল্পীর অপর দুই শিশুসন্তানকে মায়ের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।মামলার বিবরণ অনুযায়ী, গত ১৫ এপ্রিল লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকায় মারামারির ঘটনা ঘটে। প্রতিবেশী মাহাতাব উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি সদর আদালতে শিল্পীসহ ১০ জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন। মামলার এজাহারে দাবি করা হয়, শিল্পী লোহার রড দিয়ে বাদীর মাথায় আঘাত করলে হাড় ভেঙে মগজ বের হয়ে যায়।আদালতের নির্দেশে মামলার মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়া হলে সেখানে চিকিৎসকরা জখমটিকে সাধারণ হিসেবে উল্লেখ করেন। আসামিপক্ষের আইনজীবীদের মতে, ঘটনাটি জামিনযোগ্য হওয়া সত্ত্বেও বিচারক শাহ জামাল শিল্পীসহ দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শিল্পী বর্তমানে তার আড়াই বছরের শিশু সিয়ামসহ জেলহাজতে রয়েছেন।এদিকে শিল্পীর অন্য দুই সন্তান বর্তমানে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করছে। তাদের একজন পঞ্চম ও অন্যজন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। প্রিজনভ্যানে মায়ের কোলে থাকা শিশুটি এবং জেল গেটে অপেক্ষমাণ অন্য দুই সন্তানের আবেগঘন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আড়াই বছরের শিশু সিয়ামকে নিয়ে তার মা বিকেলে কারাগারে প্রবেশ করেছেন। মামলার অন্য প্রক্রিয়াগুলো বর্তমানে আদালতের অধীনে চলমান রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ