প্রিন্ট এর তারিখ : ২৬ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
জয়পুরহাটে বিনম্র শ্রদ্ধা ও নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মোঃ সাদ আব্দুল্লাহ, জয়পুরহাট জেলা প্রতিনিধি ||
যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে জয়পুরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। বাঙালি জাতির এই গৌরবোজ্জ্বল দিনে একাত্তরের বীর শহীদদের স্মরণে পুরো জেলাজুড়ে নানা আয়োজন করা হয়েছে।দিবসের প্রথম প্রহরে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক-উর-রহমান এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।সরকারি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদ, জয়পুরহাট প্রেসক্লাব এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বর্তমানে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জেলার সর্বত্র স্বাধীনতার এই মহান দিনটি উদযাপিত হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ