প্রিন্ট এর তারিখ : ১৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬
২০২৯ সালে চাঁদে হিউম্যানয়েড রোবট পাঠাচ্ছে চীন
ঢাকা নিউজ ডেস্ক ||
চাঁদে মানব অভিযান বাস্তবায়নের পরিকল্পনা আরও জোরদার করার লক্ষ্যে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিসম্পন্ন একটি হিউম্যানয়েড রোবট তৈরি করেছেন হংকংয়ের বিজ্ঞানীরা। হংকং ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির নকশা করা এই রোবটটি ভবিষ্যতে চাঁদের দক্ষিণ মেরুতে বৈজ্ঞানিক যন্ত্রপাতি বহন ও স্থাপনের কাজে ব্যবহার করা হবে।২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য সামনে রেখে ২০২৯ সালের ‘চাং-ই-৮’ মিশনে রোবটটি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। প্রায় ১০০ কেজি ওজনের সৌরশক্তিচালিত এই রোবটটির উপরের অংশ মানুষের মতো এবং নিচের অংশে চার চাকার মডিউল রয়েছে, যা নভোচারীরা পৌঁছানোর আগেই বৈজ্ঞানিক সরঞ্জাম নির্ধারিত স্থানে স্থাপনে সক্ষম।বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গাও ইয়ং জানিয়েছেন, এই রোবটে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আশপাশের বস্তু শনাক্ত ও পর্যবেক্ষণ করে নিজে থেকেই কাজের পরিকল্পনা তৈরি করতে পারবে। ‘চাং-ই-৭’ অভিযানে প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে এ ধরনের রোবট পাঠানোর সম্ভাবনা থাকলেও নতুন এই রোবটটি দক্ষিণ মেরুর ভিন্ন একটি এলাকায় কাজ করবে।মহাকাশ গবেষণায় চীনের এই বড় বিনিয়োগের বিপরীতে নাসা ২০২৮ সালের মধ্যে নভোচারী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করলেও প্রযুক্তিগত জটিলতায় তাদের সময়সূচি বারবার পিছিয়েছে। সাবেক নাসা প্রশাসক জিম ব্রাইডেন্সটাইন সতর্ক করেছেন যে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে চাঁদে মানুষ পাঠানোর প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র চীনের পেছনে পড়ে যেতে পারে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ