প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
নেতানিয়াহুর গোপন আমিরাত সফর নিয়ে দুই দেশের পরস্পরবিরোধী দাবি
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন বলে দাবি করেছে তার দপ্তর। বুধবার রাতে দেওয়া এক বিবৃতিতে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, এই সফরটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবিকে সরাসরি নাকচ করে একে ভিত্তিহীন বলে অভিহিত করেছে।রয়টার্সের তথ্য অনুযায়ী, গত ২৬ মার্চ ওমান সীমান্তের কাছে আল আইন শহরে শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কয়েক ঘণ্টা বৈঠক করেন নেতানিয়াহু। এর পাশাপাশি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সমন্বয় করতে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া অন্তত দুইবার আমিরাত সফর করেছেন বলে জানা গেছে। এছাড়া মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন, ইসরাইল ইতোমধ্যেই আমিরাতে তাদের আয়রন ডোম ব্যাটারি ও সামরিক বিশেষজ্ঞ পাঠিয়েছে।ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত নিজেও গোপনে ইরানের লাভান দ্বীপের একটি তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে। মূলত ইরানের তেল স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। উল্লেখ্য, ২০২০ সালে 'আব্রাহাম চুক্তি'র মাধ্যমে প্রথম ইসলামি দেশ হিসেবে আমিরাত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে এবং সম্প্রতি তারা তেল উৎপাদনকারী জোট ওপেক থেকেও বেরিয়ে গেছে।তবে এই দুই রাষ্ট্রই বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে নানা বিতর্কের মুখে রয়েছে। গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অন্যদিকে, সুদানে আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে অস্ত্র ও অর্থ সরবরাহের মাধ্যমে গণহত্যায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে, যদিও দেশটি এই অভিযোগ অস্বীকার করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ