প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
আলাভেসের কাছে হারে বার্সার রেকর্ড গড়ার স্বপ্নভঙ্গ
ঢাকা নিউজ ডেস্ক ||
স্বাগতিক দেপোর্তিভো আলাভেসের কাছে ১-০ গোলে হেরে স্প্যানিশ লা লিগায় রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে লিগ শেষ করার স্বপ্ন ভেঙে গেছে বার্সেলোনার। ম্যাচের একমাত্র গোলটি করেন ইব্রাহিম দিয়াবাতে, যার সুবাদে বার্সাকে হারিয়ে রেলিগেশন জোন থেকে বেরিয়ে এসেছে আলাভেস। ৩৬ ম্যাচে ৯১ পয়েন্ট অর্জন করা বার্সেলোনা এই ম্যাচে তাদের নিয়মিত একাদশের বড় তারকাদের ছাড়াই মাঠে নেমেছিল।ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে আলাভেসের একটি কর্নার ঠেকাতে ব্যর্থ হয় বার্সেলোনা। আন্তোনিও ব্লাঙ্কোর পাঠানো বল থেকে ছয় গজ দূর দিয়ে লক্ষ্যভেদ করেন দিয়াবাতে। এই জয়ে ৩৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার ১৫তম স্থানে উঠে এসেছে আলাভেস। একই রাতে সেভিয়া ও এস্পানিয়লও গুরুত্বপূর্ণ জয় পেয়েছে, যার ফলে লিগের অবনমন লড়াই আরও জমে উঠেছে।লা লিগার শীর্ষ স্তরে টিকে থাকা নিশ্চিত করেছে গেতাফে, যারা মায়োর্কাকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে। তবে রিয়াল ওভিয়েদো প্রথম দল হিসেবে ইতোমধ্যেই দ্বিতীয় বিভাগে নেমে গেছে। বর্তমানে অষ্টম স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদ থেকে শুরু করে ১৯তম স্থানে থাকা জিরোনা পর্যন্ত ১২টি দলের গাণিতিকভাবে রেলিগেশনের শঙ্কা রয়েছে।অন্যান্য ম্যাচে সেভিয়া ৩-২ গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে ১০ম স্থানে উঠে এসেছে। অন্যদিকে এস্পানিওল ২-০ গোলে অ্যাথলেটিক বিলবাওকে পরাজিত করে রেলিগেশন জোন থেকে তিন পয়েন্ট ব্যবধানে নিরাপদ অবস্থানে পৌঁছেছে। বিলবাওর এই হারে আগামী মৌসুমে তাদের ইউরোপীয় ফুটবলে খেলার সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ