প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
মোহাম্মদপুরে প্রকাশ্যে ছিনতাই ও অস্ত্র ঠেকিয়ে লুটপাট
ঢাকা নিউজ ডেস্ক ||
রাজধানীর মোহাম্মদপুরে চাঁন মিয়া হাউজিং এলাকায় এক কলেজ শিক্ষার্থীকে রিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত সোমবার বিকেলে কোচিং থেকে ফেরার পথে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিদ্দিক শ্রেষ্ঠ এই হামলার শিকার হন। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, মাত্র এক মিনিট ১৭ সেকেন্ডের মধ্যে ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই শিক্ষার্থীর আইফোন, নগদ টাকা, এয়ারবাডস এবং গুরুত্বপূর্ণ কার্ডসহ সবকিছু ছিনিয়ে নেয়।ঘটনার বর্ণনা অনুযায়ী, ভুক্তভোগী শিক্ষার্থী রিকশায় যাওয়ার সময় এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সামনে এসে রিকশার চাকা শরীরে লেগেছে বলে অজুহাত তুলে ঝগড়া শুরু করেন। মুহূর্তের মধ্যে মাস্ক পরা আরও চারজন সেখানে যোগ দিয়ে রিকশায় উঠে পড়ে এবং ছুরি দেখিয়ে সব মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনার পর ভুক্তভোগী পরিবার থানায় মামলা করতে গেলেও পুলিশ কেবল মোবাইল হারানোর সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর বাঁশবাড়ি এলাকার শীর্ষ ছিনতাইকারী রাব্বি ওরফে 'চৌদ্দ রাব্বি' এবং 'আগুন' ওরফে 'ধাক্কা আগুন'-এর নেতৃত্বাধীন 'দে ধাক্কা' নামের একটি কিশোর গ্যাং এই ছিনতাইয়ের পেছনে জড়িত। এই চক্রটি দীর্ঘদিন ধরে বাঁশবাড়ি, বাসস্ট্যান্ড, চাঁন মিয়া হাউজিং ও শিয়া মসজিদ এলাকায় সক্রিয়ভাবে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন জানিয়েছেন, অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী বর্তমানে মানসিকভাবে আতঙ্কিত অবস্থায় রয়েছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ