প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
ফ্যাসিবাদী সরকার দেশ ধ্বংস করেছে: সংস্কৃতিমন্ত্রী
ঢাকা নিউজ ডেস্ক ||
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের পৈত্রিক ভিটায় তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘কবি সুকান্ত মেলা ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার উনশিয়া গ্রামে ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বিগত ১৭ বছরের শাসন আমলকে ফ্যাসিবাদী শোষণ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ২০০৮ সালের পর থেকে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি এবং বিগত সরকার নির্বাচনি ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে দিনের ভোট রাতে করার সংস্কৃতি চালু করেছিল।তিনি আরও অভিযোগ করেন, সাংবিধানিক প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেশ থেকে প্রায় ৩০ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার স্বল্প সময়ের মধ্যেই সেই ধ্বংসস্তূপ থেকে উত্তরণ ঘটিয়ে জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়ানোর তাগিদ দিয়ে মন্ত্রী জ্ঞানভিত্তিক সমাজ গড়ার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে তিনি কবি সুকান্ত পাবলিক লাইব্রেরি কাম অডিটোরিয়াম পরিদর্শন করেন।গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানীসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় কবির জীবন ও সাহিত্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়।অনুষ্ঠান শেষে কবির প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। লোকজ খাদ্য ও কুটির শিল্পের সমাহারে সাজানো এই মেলা আগামী ১৫ মে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ