প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
কোরআনের সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সৌদি বাদশা
ঢাকা নিউজ ডেস্ক ||
দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় ধরে পবিত্র কোরআন হিফজ বা মুখস্থকরণে অসামান্য পৃষ্ঠপোষকতা ও বিশেষ অবদানের জন্য বিরল সম্মাননায় ভূষিত হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। মঙ্গলবার জেদ্দায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাদশাহর পক্ষে তাঁর পুত্র এবং সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এই সম্মাননা গ্রহণ করেন।সৌদি আরবের বিভিন্ন কোরআন মুখস্থকরণ সংস্থার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এই সম্মাননা স্মারক পৌঁছে দিতে রাজপ্রাসাদে আসেন। দীর্ঘ ছয় দশক ধরে দেশজুড়ে কোরআনের শিক্ষা বিস্তার এবং হিফজ মাদ্রাসাগুলোর প্রতি বাদশাহর নিরবচ্ছিন্ন সমর্থনের স্বীকৃতি হিসেবে এই বিশেষ আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপহার হিসেবে একটি কারুকার্যখচিত সম্মাননা ঢাল, হাতে লেখা পবিত্র কোরআনের পাণ্ডুলিপি এবং দুটি বিশেষ ফলক প্রদান করা হয়। এর মধ্যে একটি ফলকে মাত্র ১০ বছর বয়সে বাদশাহ সালমানের কোরআন হিফজ সম্পন্ন করার স্মৃতি এবং অন্যটিতে তাঁর পৃষ্ঠপোষকতায় হাফেজ হওয়া ২১ হাজার শিক্ষার্থীর নাম লিপিবদ্ধ রয়েছে।মূলত কোরআনের শিক্ষা ও ব্যাখ্যা প্রচার এবং বিশ্বের বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ বিতরণে বাদশাহর দীর্ঘদিনের প্রচেষ্টাকে এই সম্মানের মাধ্যমে উদযাপন করা হয়েছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ সময় ইসলামের সেবা এবং সামাজিক উন্নয়নে কোরআন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অগ্রগামী ভূমিকার প্রশংসা করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ