প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
আঞ্চলিক ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর
ঢাকা নিউজ ডেস্ক ||
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মহসিন রাজা নাকভির দুই দিনের ঢাকা সফর ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। গত শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী স্বাগত জানান। এই সফরে দুই দেশের মধ্যে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এই সফরকে কেবল একটি সাধারণ রাজনৈতিক সফর হিসেবে দেখছেন না। মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়া এবং যুক্তরাষ্ট্র কেন্দ্রিক রাজনীতিতে পাকিস্তানের বর্তমান অবস্থান এবং ইরান যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হওয়া নতুন ভূ-কৌশলগত পরিস্থিতিতে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, পরিবর্তিত আঞ্চলিক পরিস্থিতিতে স্থিতিশীলতা ও অর্থনীতির স্বার্থে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিকীকরণ জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুই দেশের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ ও পাকিস্তান মাদক পাচার এবং মাদক সংক্রান্ত অর্থ পাচার রোধে নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় ও কারিগরি সহায়তা প্রদান করবে। এই চুক্তির ফলে আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা আরও সুদৃঢ় হবে। এছাড়া অপরাধীরা যাতে এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে বিচার এড়াতে না পারে, সেজন্য সন্ত্রাসবাদ ও আর্থিক অপরাধসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর প্রত্যর্পণ ব্যবস্থা নিয়েও উভয় দেশের মধ্যে আলোচনা হয়েছে।বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে। দ্বিপাক্ষিক বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্কের বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পেয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য পাকিস্তানের সঙ্গে এই নতুন যোগাযোগ বাংলাদেশের জন্য একটি বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে। তবে ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্কের ওপর এর কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়েও কূটনৈতিক মহলে আলোচনা চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ