প্রিন্ট এর তারিখ : ২৬ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
ইসরায়েলের টার্গেট তালিকা থেকে বাদ দুই ইরানি নেতা
ঢাকা নিউজ ডেস্ক ||
পাকিস্তানের বিশেষ অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের ক্বালিবাফকে সাময়িকভাবে লক্ষ্যবস্তুর তালিকা থেকে সরিয়েছে ইসরায়েল। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল এই দুই নেতার অবস্থান শনাক্ত করে হামলার পরিকল্পনা করলেও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই পরিকল্পনা থেকে সরে আসতে বলে। পাকিস্তান যুক্তি দিয়েছে যে, এই নেতাদের হত্যা করা হলে ভবিষ্যৎ আলোচনার জন্য আর কোনো পক্ষ অবশিষ্ট থাকবে না।মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালও নিশ্চিত করেছে যে, শান্তি আলোচনার পথ খোলা রাখতে চার থেকে পাঁচ দিনের জন্য এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। কূটনৈতিক সূত্রমতে, ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত নিরসনে বর্তমানে পাকিস্তান, মিসর ও তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। বিশেষ করে ইসলামাবাদ একই সাথে ওয়াশিংটন ও তেহরানের সাথে সরাসরি যোগাযোগ বজায় রাখছে এবং সম্ভাব্য শান্তি আলোচনার ভেন্যু হিসেবেও বিবেচিত হচ্ছে।এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ১৫ দফার একটি পরিকল্পনা পাকিস্তানের মাধ্যমে তেহরানে পাঠানো হয়েছে যা বর্তমানে পর্যালোচনা করছে ইরান। এই প্রস্তাবের মধ্যে ইরানের ইউরেনিয়াম মজুত অপসারণ, সমৃদ্ধকরণ বন্ধ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং আঞ্চলিক মিত্রদের অর্থায়ন বন্ধের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভার সূত্রগুলো এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন যে ইরান চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও তেহরানের পক্ষ থেকে ভিন্ন সুর পাওয়া গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি পর্যালোচনা করে দেখছেন। তবে বর্তমান পরিস্থিতিতে সংঘাত বন্ধে আনুষ্ঠানিক কোনো আলোচনায় বসার ইচ্ছা তেহরানের নেই বলে তিনি স্পষ্ট করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ