প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
পাকিস্তানের অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-৪-এর সফল পরীক্ষা
ঢাকা নিউজ ডেস্ক ||
নিজেদের উদ্ভাবিত অত্যাধুনিক স্থল-উৎক্ষেপণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’-এর সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। সেনাবাহিনী রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে এই পরীক্ষা চালানো হয়।মূলত সেনাদের কার্যক্ষমতা বৃদ্ধি এবং ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন কারিগরি উপ-প্রক্রিয়া যাচাইয়ের উদ্দেশ্যেই এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের নিখুঁত লক্ষ্যভেদ এবং প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার সক্ষমতা আগের চেয়ে আরও উন্নত করা হয়েছে। অত্যাধুনিক এভিওনিক্স এবং সর্বাধুনিক নেভিগেশনাল প্রযুক্তিতে সজ্জিত এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অনেক দূরপাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।ফাতাহ-৪-এর এই সফল পরীক্ষায় সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সামরিক বাহিনীর প্রধানরা। তারা ‘ফাতাহ’ সিরিজের এই ক্ষেপণাস্ত্রের পেছনে যুক্ত থাকা বিজ্ঞানী, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট সবার নিরলস পরিশ্রম ও কারিগরি দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।উল্লেখ্য, দুই সপ্তাহ আগে পাকিস্তানের সেনাবাহিনী রকেট ফোর্স কমান্ড তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছিল। গত ২৮ এপ্রিলের সেই পরীক্ষার সময় স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।তারও এক সপ্তাহ আগে পাকিস্তান নৌবাহিনী তাদের নিজস্ব জাহাজ-বিধ্বংসী আকাশ-উৎক্ষেপণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘তৈমুর’-এর সফল পরীক্ষা সম্পন্ন করে। আইএসপিআর তখন জানিয়েছিল, ‘তৈমুর’ ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নিখুঁতভাবে এর মিশন সম্পন্ন করেছে, যা সমুদ্রসীমায় অনেক দূর থেকে শত্রুপক্ষকে শনাক্ত ও প্রতিহত করতে নৌবাহিনীর সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ