প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
বাংলাদেশিসহ ৯৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
ঢাকা নিউজ ডেস্ক ||
মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বিভিন্ন দেশের ৯৯ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। বুধবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ৬৪ জন পুরুষ এবং ৩৫ জন নারীকে প্রত্যাবাসন করা হয়। ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া, চীন, নেপাল, ভিয়েতনাম, পাকিস্তান ও ভারতের নাগরিক রয়েছেন।প্রত্যাবাসিত এই ব্যক্তিরা কেদাহর সিক এলাকায় অবস্থিত বেলান্তিক ইমিগ্রেশন ডিপোতে আটক ছিলেন। বৈধ পারমিট ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ এবং অনুমোদিত সময়ের বেশি অবস্থানসহ বিভিন্ন অপরাধে তারা অভিবাসন আইন ও নিয়ম লঙ্ঘন করেছেন। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, প্রত্যাবাসনের আগে আটককৃত সবাই তাদের নির্ধারিত সাজা সম্পন্ন করেছেন।যাদের বৈধ ভ্রমণ নথি ছিল না, তাদের নিজ নিজ দেশের দূতাবাস থেকে জরুরি ভ্রমণ নথি বা ইটিডি সরবরাহ করে প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করা হয়েছে। ফেরত পাঠানো সকল অভিবাসীকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ কালো তালিকাভুক্ত করেছে, যার ফলে তারা নির্দিষ্ট সময় পর্যন্ত দেশটিতে পুনরায় প্রবেশ করতে পারবেন না।বেলান্তিক ইমিগ্রেশন ডিপো জানিয়েছে, দেশে অবৈধ অভিবাসীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সাজা সম্পন্ন করা ব্যক্তিদের দ্রুত ফেরত পাঠানোর এই কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়া তাদের অভিবাসন আইন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ