প্রিন্ট এর তারিখ : ১৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য শুল্কমুক্ত ইলেকট্রিক বাস দেওয়ার ঘোষণা গণপূর্তমন্ত্রীর
ঢাকা নিউজ ডেস্ক ||
আগামী বাজেটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি উল্লেখ করেন, এটি আমাদের প্রধানমন্ত্রীর একটি অন্যতম বিশেষ অঙ্গীকার। শুক্রবার (১৫ মে) দুপুর ১২টায় কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের জিয়া অডিটোরিয়ামে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।শতবর্ষী প্রাচীন প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই কলেজের ঐতিহ্য রক্ষায় বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, বিগত সময়ে এই কলেজের জিয়া অডিটোরিয়ামের নামটি পর্যন্ত মুছে দেওয়া হয়েছিল। অথচ ১৯৯৩ সালে বেগম খালেদা জিয়া ভিক্টোরিয়া কলেজে একটি বাস উপহার দিয়েছিলেন, যা এখনো চালু আছে। মন্ত্রী আশ্বাস দেন, সরকারের পক্ষ থেকে ভিক্টোরিয়া কলেজে আরও এক বা দুটি বাসের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। আর তা যদি সম্ভব না হয়, তবে তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত ‘একেএম আবু তাহের ফাউন্ডেশন’ থেকে নিজস্ব অর্থায়নে একটি বাসের বন্দোবস্ত করা হবে।কুমিল্লার সামগ্রিক উন্নয়ন ও রাজনৈতিক ধারাবাহিকতা তুলে ধরে জাকারিয়া তাহের সুমন বলেন, যতবারই বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, কুমিল্লার উন্নয়নে কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও ৫০০ শয্যার হাসপাতাল বাস্তবায়ন করেছেন। বর্তমান প্রধানমন্ত্রীও সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি কুমিল্লার মানুষের জন্য আরও কিছু সুখবর দিয়ে বলেন, অচিরেই কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা দেওয়া হবে এবং এই কৃষিনির্ভর অঞ্চলের জন্য একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চাওয়া থাকবে সরকারের কাছে। এছাড়া মাত্র ৩ মাস ৩ দিনের এই নতুন সরকারের মেয়াদে ইতিমধ্যে ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন’ পাস করা হয়েছে এবং কুমিল্লা ওয়াসা প্রতিষ্ঠার প্রক্রিয়া চলমান রয়েছে। এগুলো পুরোপুরি প্রতিষ্ঠিত হলে কুমিল্লা মহানগর এলাকাকে পরিকল্পিতভাবে আধুনিক রূপ দেওয়া হবে।কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সিনিয়র সহসভাপতি মো. আমিরুজ্জামান আমির এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ