প্রিন্ট এর তারিখ : ১৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
ড্রেসিংরুমের ‘অভিভাবক’ মুশফিক: তরুণদের দিলেন শৃঙ্খলার বিশেষ বার্তা
ঢাকা নিউজ ডেস্ক ||
একশরও বেশি টেস্ট খেলা মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটের এক জীবন্ত কিংবদন্তি। এশিয়ার মধ্যে শচীন টেন্ডুলকারের পর সাদা পোশাকের ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার এখন তাঁরই। আর কিছুদিনের মধ্যেই টেস্ট ক্রিকেটে ২১ বছর পূর্ণ করতে যাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। বর্তমানে দলে কোনো প্রাতিষ্ঠানিক অধিনায়কত্ব না থাকলেও, বাংলাদেশ দলের ড্রেসিংরুমের অন্যতম প্রধান 'অভিভাবক' হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্ট শুরু হওয়ার আগে শুক্রবার (১৫ মে) সিলেটে এক সংবাদ সম্মেলনে দলের কঠিন সময়ে সতীর্থদের আগলে রাখার বিষয়ে কথা বলেন মুশফিক। আজ সিলেটে সারাদিন বৃষ্টি থাকায় দুই দলকেই ইনডোরে অনুশীলন করতে হয়েছে। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে দলের কঠিন সময়ে ড্রেসিংরুমে সতীর্থদের কীভাবে সামলান—যুগান্তরের এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘আমি শুধু আমার অভিজ্ঞতাগুলো ভাগাভাগি করার চেষ্টা করি। এত বছর ক্রিকেট খেলতে গিয়ে নানা ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গেছি, তাই সেগুলো নিয়েই জুনিয়রদের সঙ্গে কথা বলি।’তিনি আরও যোগ করেন, ‘দলের মধ্যে আমার অনেকের সঙ্গেই দীর্ঘদিনের সম্পর্ক। অনেককে ২০-২৫ বছর ধরে চিনি। বয়সভিত্তিক ক্রিকেট, প্রথম শ্রেণির ক্রিকেট কিংবা জাতীয় দল—সব জায়গাতেই একসঙ্গে খেলেছি। ফলে বোঝাপড়াটাও অন্যরকম। আমি চাই, এতদিনে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেগুলো যেন দলের কাজে লাগে এবং দলের ওপর ইতিবাচক প্রভাব ফেলে।’৩৯ বছর বয়সে এসেও তরুণদের মতো রানের ক্ষুধা নিয়ে মাঠে থাকা মুশফিক নিয়মশৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে এক শক্তিশালী বার্তা দিয়ে তিনি বলেন, ‘খেলাটা এমন একটা জিনিস, যেটা আপনার রুটি-রুজির জায়গা। তাই এর সঙ্গে বেঈমানি করা যায় না। এটা এমন না যে একদিন ভালো লাগল সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুশীলন করলাম, আরেকদিন ভালো লাগল না বলে সারাদিন ঘুমিয়ে থাকলাম। পেশাদার খেলোয়াড়দের সবসময় শৃঙ্খলা মেনে চলতে হয়।’ তিনি মনে করিয়ে দেন, যে কোনো পেশাতেই শ্রম ও মেধা বিনিয়োগ করলে তার প্রতিদান অবশ্যই পাওয়া যায়।দুই দশক আগে নিজের ক্যারিয়ার শুরুর সময়ের স্মৃতিচারণ করে মুশফিক বলেন, ‘আমি যখন ক্যারিয়ার শুরু করেছি, তখন বছরে সর্বোচ্চ তিন-চার মাস আন্তর্জাতিক ক্রিকেট খেলতাম। এখন প্রায় ১১ মাসই আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতে হয়। এখান থেকেই বোঝা যায়, একজন খেলোয়াড়ের জন্য শৃঙ্খল জীবন ও ফিটনেস কতটা গুরুত্বপূর্ণ।’উল্লেখ্য, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ