প্রিন্ট এর তারিখ : ১৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
সিলেটে আজ ক্রিকেট বনাম বৃষ্টির ডাবল ফাইট
ঢাকা নিউজ ডেস্ক ||
বৃষ্টি আর কুয়াশার আবছা পর্দায় ঘেরা সিলেটে আজ একসঙ্গে চলছে দুই লড়াই—বৃষ্টি বনাম ক্রিকেট এবং বাংলাদেশ বনাম পাকিস্তান। আজ সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। মিরপুরে বড় জয়ের পর ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ দল এখন আত্মবিশ্বাসে ভরপুর। অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ ভারসাম্যে ঘেরা এই দলের অন্যতম কাণ্ডারি মুশফিকুর রহিম মনে করেন, বর্তমান বাংলাদেশ যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম।সিলেটে কাল দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকায় এবং বৃষ্টির কারণে দু’দলের পূর্ণাঙ্গ অনুশীলন সম্ভব হয়নি, ফলে ইনডোরেই প্রস্তুতি সারতে হয়েছে ক্রিকেটারদের। উইকেট কভার সরানোর পর সবুজ ঘাস দেখা গেলেও ম্যাচের আগে তা ছেঁটে রোলার চালানো হবে এবং ধারণা করা হচ্ছে মিরপুরের মতো এখানেও স্পোর্টিং উইকেট দেখা যেতে পারে। তবে উইকেটের চেয়ে বড় চ্যালেঞ্জ আবহাওয়া এবং এর কারণে উইকেটে কিছুটা ময়েশ্চার থাকতে পারে বলে জানিয়েছেন মুশফিকুর রহিম। এই ম্যাচে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, যেখানে পেসার শরীফুল ইসলামকে একাদশে দেখা যেতে পারে।অন্যদিক, ঢাকা টেস্টে বড় হারের পর সিলেটে এসে ধীরগতির ওভার রেটের কারণে আইসিসির জরিমানার মুখে পড়েছে পাকিস্তান দল। ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আট পয়েন্ট কাটা যাওয়ায় পয়েন্ট তালিকায় আরও নিচে নেমে গেছে তারা। তবে পাকিস্তানের জন্য স্বস্তির খবর হলো এই ম্যাচে ফিরছেন তারকা ব্যাটার বাবর আজম। প্রথম টেস্টে হেরে হতাশ হলেও পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ জানিয়েছেন, দলের বর্তমান পরিবেশ ভালো এবং তারা দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ