প্রিন্ট এর তারিখ : ১৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
শেখ হাসিনা ভারত থেকে উঁকিঝুঁকি মারছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা নিউজ ডেস্ক ||
শেখ হাসিনা ভারত থেকে উঁকিঝুঁকি মারছেন এবং আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে উল্লেখ করে সরকারকে হুঁশিয়ার করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতে পারেন তাহলে তারা প্রথম কোপ বা প্রথম গুলিটি চালাবে তারেক রহমানের ওপর। শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সরকারের দেওয়া বিভিন্ন কার্ডের তীব্র সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তার নিজের জন্মস্থান চাঁদপুর এবং রাজশাহী—কোনো অঞ্চলেরই প্রকৃত উন্নয়ন হয় নাই, কেবল জনগণ কতগুলো কার্ড পেয়েছে যা পকেটে নিয়ে ঘুরতে হয়। এই কার্ডে যদি টাকা না আসে, তবে তারা নিজেরা 'লাল কার্ড' বানিয়ে সরকারের হাতে ধরিয়ে দেবেন বলে সতর্ক করেন। একই সঙ্গে তিনি ইতিহাস মনে করিয়ে দিয়ে বলেন, সেই সময় তারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল এবং তারেক রহমানেরও এই ইতিহাস জানা উচিত।সরকারকে হুঁশিয়ারি দিয়ে এই এনসিপি নেতা আরও বলেন, বাংলাদেশে যদি সংস্কার বাস্তবায়ন করা না হয়, তবে গদি থাকবে কিনা তার নিশ্চয়তা দেওয়া যায় না; কারণ জনগণ ভোট ও ম্যান্ডেট দিয়েছে। জনগণের বাক্সে কেউ লাথি মারতে চাইলে তারা সরকারের গদিতে লাথি মারতে কুণ্ঠাবোধ করবেন না উল্লেখ করে তিনি বলেন, ইতিহাস না জানলে বাপের যে পরিণতি হয়েছিল, সন্তানেরও একই পরিণতি হবে। এই কারণে আওয়ামী লীগের সঙ্গে কোনো প্রকার আপস না করার জন্য তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা একই ফ্রন্টে যুদ্ধ করলেও বিএনপি ও আওয়ামী লীগকে একই পাল্লায় রাখতে দ্বিধা করবেন না।ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবসের কথা উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, এই দিনে রাজশাহী থেকে মওলানা ভাসানী ভারতের বিরুদ্ধে পানির ন্যায্য অধিকার আদায়ের যুদ্ধ ঘোষণা করেছিলেন। ভাসানীর সেই মার্কা বিএনপি চুরি করে আজকে ভারতের বিরুদ্ধে নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করছে অভিযোগ তুলে তিনি বলেন, ভাসানীর মার্কা নিলে তার নীতিও নিতে হবে, অন্যথায় তা ফেরত দিতে হবে।নদীতে পানি না থাকা সত্ত্বেও খাল খনন করার সমালোচনা করে তিনি বলেন, এটি উল্টো সায়েন্স বোঝানোর শামিল, কারণ খাল খনন করতে হলে আগে নদীতে পানি নিয়ে আসতে হবে। ভারতের সামনে গিয়ে 'নমো নমো' করার নীতি পরিহার করে রাজশাহীবাসীর জীবন বাঁচাতে নদীতে পানি আনার দাবি জানান তিনি। একই সঙ্গে পদ্মা নদীতে পানি না আসলে রাজশাহীবাসীকে ঢাকায় যাওয়ার এবং ভারতের দিকে লংমার্চ করার আহ্বান জানান। এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ