প্রিন্ট এর তারিখ : ২৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
ইরানি নৌপ্রধান আলিরেজা তাংসিরিকে হত্যার দাবি ইসরায়েলের
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌপ্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর বন্দরআব্বাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ বিমান হামলায় তিনি নিহত হন বলে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে।ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, আইডিএফ আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরিকে নির্মূল করেছে। তাংসিরি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে মাইন স্থাপন এবং সামুদ্রিক যান চলাচল বাধাগ্রস্ত করার জন্য সরাসরি দায়ী ছিলেন বলে দাবি করা হয়েছে।এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ইসরায়েলের এই দাবি সত্য হলে, এটি হবে চতুর্থ সপ্তাহে গড়ানো এই যুদ্ধে ইরানের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার নিহতের সর্বশেষ ঘটনা।২০১৮ সাল থেকে দায়িত্বে থাকা অ্যাডমিরাল তাংসিরি হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের সামরিক কৌশলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। এর আগেও তিনি বেশ কয়েকবার মার্কিন-ইসরায়েলি গুপ্তহত্যার প্রচেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা ও কমান্ডার নিহত হয়েছেন। তবে একের পর এক নেতৃত্ব হারানোর পরেও ইরান দ্রুত উত্তরসূরি নিয়োগের মাধ্যমে তাদের যুদ্ধ কৌশল ও সামরিক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ