প্রিন্ট এর তারিখ : ১৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬
নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক হলেন ডা. নুরুজ্জামান খান
ঢাকা নিউজ ডেস্ক ||
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের (নিনস) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. নুরুজ্জামান খান। শনিবার (১৬ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। তিনি বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান এবং ইন্টার্ন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ডা. মোহাম্মদ নুরুজ্জামান খানকে (কোড: ৪৩৩৮২) পরিচালক কাম অধ্যাপক হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে পদায়ন করা হলো। একই সাথে যোগদানের পূর্বে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ এবং নির্ধারিত এইচআরএম ডাটাবেজ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে কার্যকর হবে।অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান (খসরু) কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি ও এইচএসসি পাস করার পর ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৯৭ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একই প্রতিষ্ঠান থেকে তিনি নিউরো সার্জারিতে সর্বোচ্চ ডিগ্রি ‘মাস্টার্স ইন সার্জারি’ (এমএস) সম্পন্ন করেন। চিকিৎসা বিজ্ঞানের ওপর তিনি সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং ভারতের একাধিক স্বনামধন্য হাসপাতালে ফেলোশিপ প্রশিক্ষণ নিয়েছেন।বাংলাদেশে এন্ডোসকপিক স্পাইন সার্জারির প্রবর্তক হিসেবে পরিচিত অধ্যাপক ডা. নুরুজ্জামান খান একজন আন্তর্জাতিক প্রশিক্ষক। দেশে ও বিদেশে চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তিনি অসংখ্য সেমিনার, ওয়ার্কশপ এবং লাইভ সার্জারিতে অংশ নিয়েছেন। তাঁর বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রবন্ধ দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।ছাত্রজীবনে ডা. মো. নুরুজ্জামান ১৯৯৪-৯৫ সেশনে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করলেও বিগত ১৭ বছরের স্বৈরশাসনে সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি সঠিক সময়ে পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন বলে প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ