প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬
ইরান কি পারমাণবিক বোমা বানাচ্ছে? রয়টার্সের নতুন চাঞ্চল্যকর তথ্য
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরানের অভ্যন্তরে পারমাণবিক অস্ত্র তৈরির দাবি ও তৎপরতা আগের চেয়ে অনেক বেশি জোরালো ও প্রকাশ্যে চলে এসেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে দেশটির কট্টরপন্থী গোষ্ঠীগুলো এখন আর গোপনে নয়, বরং জনসমক্ষে পারমাণবিক বোমা তৈরির পক্ষে সওয়াল করছে।গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইরানের পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের দাবি এখন প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে এবং গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকরা বিদ্যমান ‘শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি’র অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন।ইসলামিক বিপ্লবী গার্ড কোরের সঙ্গে সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি সম্প্রতি এক নিবন্ধে ইরানকে অবিলম্বে পারমাণবিক অপ্রসারণ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছে। আগে রাষ্ট্রীয় গণমাধ্যমে পারমাণবিক বোমা নিয়ে কথা বলা নিষিদ্ধ থাকলেও, এখন তা প্রকাশ্যেই আলোচিত হচ্ছে যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।কট্টরপন্থী রাজনীতিক মোহাম্মদ জাভেদ লারিজানি রাষ্ট্রীয় গণমাধ্যমে এনপিটি স্থগিত করার জোরালো দাবি জানিয়েছেন। তিনি প্রস্তাব করেছেন, একটি বিশেষ কমিটি গঠন করে মূল্যায়ন করা উচিত যে এই আন্তর্জাতিক চুক্তি ইরানের কোনো উপকারে আসছে কি না; অন্যথায় ইরানকে এই চুক্তি ত্যাগ করতে হবে।বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ধারাবাহিক হামলা ইরানি কৌশলবিদদের হিসাব-নিকাশ পুরোপুরি পাল্টে দিয়েছে। তারা এখন মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে এনপিটি-তে থেকে তেমন কোনো সুবিধা অর্জিত হচ্ছে না, যার ফলে পারমাণবিক সক্ষমতা অর্জনই তাদের কাছে এখন একমাত্র বিকল্প হিসেবে প্রতীয়মান হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ