প্রিন্ট এর তারিখ : ১৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
হরমুজের সাবমেরিন ক্যাবল নিয়ন্ত্রণে ইরানের নতুন চাল
ঢাকা নিউজ ডেস্ক ||
হরমুজ প্রণালিতে সফল সামরিক অবরোধের পর এবার পারস্য উপসাগরের তলদেশ দিয়ে যাওয়া সাবমেরিন বা সমুদ্রগর্ভস্থ ক্যাবল নেটওয়ার্কের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা করছে ইরান। এই সাবমেরিন ক্যাবলগুলো মূলত ইউরোপ, এশিয়া এবং উপসাগরীয় অঞ্চলের মধ্যে বিশাল ইন্টারনেট ট্রাফিক ও আর্থিক লেনদেনের তথ্য আদান-প্রদান করে। তেহরান এখন এই নৌপথের নিচে থাকা ইন্টারনেট ক্যাবল ব্যবহারের জন্য বিশ্বের বৃহত্তম প্রযুক্তি কোম্পানিগুলোর কাছ থেকে ফি বা মাশুল আদায় করার প্রস্তুতি নিচ্ছে।তেহরানের আইনপ্রণেতারা ইতোমধ্যেই এমন একটি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন, যা আরব দেশগুলোর সঙ্গে ইউরোপ ও এশিয়ার সংযোগকারী সাবমেরিন ক্যাবলগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ঘোষণা করেছেন যে তারা ইন্টারনেট ক্যাবলের ওপর ফি আরোপ করতে যাচ্ছেন। দেশটির রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সঙ্গে যুক্ত গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গুগল, মাইক্রোসফট, মেটা এবং আমাজনের মতো প্রযুক্তি জায়ান্টদের ইরানের আইন মেনে চলতে হবে। সাবমেরিন ক্যাবল পরিচালনাকারী কোম্পানিগুলোকে ক্যাবল অতিক্রমের জন্য লাইসেন্সিং ফি দিতে হবে এবং এই ক্যাবলগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণের একচ্ছত্র অধিকার কেবল ইরানি কোম্পানিগুলোকেই দিতে হবে। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই প্রযুক্তি জায়ান্টগুলোর পক্ষে ইরানকে কোনো অর্থ প্রদান করা আইনিভাবে অসম্ভব হওয়ায় অনেক বিশেষজ্ঞ একে বড় কোনো পদক্ষেপের চেয়ে ইরানের রাজনৈতিক শক্তির মহড়া হিসেবেই দেখছেন।তা সত্ত্বেও এই হুমকির অর্থনৈতিক ও প্রযুক্তিগত ঝুঁকি অনেক গভীর, কারণ সাবমেরিন ক্যাবল ক্ষতিগ্রস্ত হলে ব্যাংকিং ব্যবস্থা, সামরিক যোগাযোগ, ক্লাউড অবকাঠামো থেকে শুরু করে ফ্রিল্যান্সিং ও অনলাইন স্ট্রিমিং সেবাও স্থবির হয়ে পড়তে পারে। ব্লুমবার্গ ইকোনমিক্সের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান দিনা এসফান্দিয়ারি মনে করেন, এটি মূলত যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদের টিকিয়ে রাখার এবং প্রতিপক্ষকে চাপে রাখার জন্য ইরানের একটি কৌশল। নিরাপত্তা ঝুঁকির কারণে আন্তর্জাতিক অপারেটররা সাধারণত ওমানের জলসীমা দিয়ে ক্যাবল স্থাপন করলেও, ‘ফ্যালকন’ এবং ‘গালফ ব্রিজ ইন্টারন্যাশনাল’ (জিবিআই) নামের দুটি প্রধান ক্যাবল ইরানের জলসীমার ওপর দিয়েই গেছে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক হাবতূর রিসার্চ সেন্টারের গবেষক মোস্তফা আহমেদ সতর্ক করেছেন যে কম্ব্যাট ডাইভার, ছোট সাবমেরিন এবং আন্ডারওয়াটার ড্রোনে সজ্জিত ইরানি বাহিনী যদি এই ক্যাবলগুলোতে কোনো হামলা চালায়, তবে তা কয়েক মহাদেশ জুড়ে একটি ‘ডিজিটাল বিপর্যয়’ ডেকে আনবে এবং এর ফলে উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস রপ্তানি ব্যাহত হওয়াসহ ভারতের মতো দেশের শত কোটি ডলারের ক্ষতি হতে পারে।ইরান অবশ্য এই ফি আদায়ের পরিকল্পনাকে ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশনের আলোকে বৈধ বলে দাবি করে মিশরের সুয়েজ খালের উদাহরণ টানছে। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, সুয়েজ খাল মিশরের খনন করা একটি কৃত্রিম জলপথ হলেও হরমুজ প্রণালি একটি প্রাকৃতিক আন্তর্জাতিক নৌপথ, যার আইনি নিয়ম সম্পূর্ণ ভিন্ন। লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইনের অধ্যাপক ইরিনি পাপানিকোলৌপোলু জানিয়েছেন, বিদ্যমান ক্যাবলগুলোর ক্ষেত্রে ইরানকে আগের চুক্তি মেনে চলতে হবে, তবে নতুন ক্যাবল স্থাপনের ক্ষেত্রে যেকোনো দেশই তার নিজস্ব জলসীমায় শর্ত আরোপ করার অধিকার রাখে। সিএনএন-এর সূত্রমতে, হরমুজ প্রণালিতে ইরানের এই নতুন চাল বিশ্বজুড়ে কেবল জ্বালানি সংকট নয়, একটি বড় ধরনের বৈশ্বিক ডিজিটাল ও আর্থিক সংকটের ঝুঁকি তৈরি করছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ