প্রিন্ট এর তারিখ : ২১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি মার্কিন সেন্টকমের
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতার একটি বড় অংশ ধ্বংস করেছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংবাদমাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এ দাবি করেন। তিনি জানান, অবরোধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মার্কিন বাহিনী ৮০টির বেশি জাহাজের গতিপথ পরিবর্তন করেছে এবং ইরান কী ভেতরে আনছে বা বাইরে পাঠানোর চেষ্টা করছে, সেসব বিষয় ওয়াশিংটন নিবিড়ভাবে নজরদারি করছে।উপসাগরীয় অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির ইঙ্গিত দিয়ে হকিন্স বলেন, প্রয়োজন হলে যেকোনো জরুরি পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান অত্যন্ত কার্যকর হয়েছে এবং সংঘাত শুরুর সময় নির্ধারিত সামরিক লক্ষ্যগুলোর বেশিরভাগই অর্জিত হয়েছে বলে তিনি দাবি করেন।মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র বিশেষ করে ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতার একটি বড় অংশ ধ্বংস করেছে এবং এর ফলে দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তিনি অভিযোগ করেন যে, ইরান ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে মার্কিন অভিযানের পর ইরান আর আগের মতো হুমকি তৈরি করতে সক্ষম নয় এবং এ কারণে যুক্তরাষ্ট্র আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বয় করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে।টিম হকিন্স আরও জানান, মার্কিন এই অভিযানের ফলে ইরান-সমর্থিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র সরবরাহ ব্যবস্থা বেশ ব্যাহত হয়েছে।এদিকে, আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টা চললেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা এখনো কাটেনি। মার্কিন প্রশাসন কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাওয়ার কথা বললেও সর্বশেষ সামরিক বক্তব্যগুলো থেকে স্পষ্ট যে, উপসাগরীয় অঞ্চলে এখনো উচ্চ সতর্কতা বজায় রয়েছে এবং বর্তমান উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক সংঘাত আরও বাড়তে পারে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ