প্রিন্ট এর তারিখ : ১৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় নির্ভরযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে স্বীকৃতি পাচ্ছে পাকিস্তান
ঢাকা নিউজ ডেস্ক ||
পাকিস্তান বিশ্বে এখন একটি ন্যায়পরায়ণ মধ্যস্থতাকারী ও বিশ্বস্ত দেশ হিসেবে স্বীকৃতি পাচ্ছে এবং এটি দেশের ইতিহাসের একটি উজ্জ্বল মুহূর্ত বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রোববার (১৭ মে) দ্য সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো পাকিস্তানের ওপর আস্থা রাখছে এবং শান্তি আলোচনায় দেশটিকে ক্রমেই একটি নির্ভরযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের পারস্পরিক সমন্বয়ের ফলে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী হয়েছে বলে তিনি মনে করেন।আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে শাহবাজ শরিফ জানান, কঠিন পরিস্থিতির মধ্যেও দেশটিকে দায়িত্বশীল ও কার্যকর কূটনৈতিক ভূমিকা বজায় রাখতে দেখা গেছে। এর পাশাপাশি গত দুই বছরে দেশের অর্থনীতি স্থিতিশীল করা হয়েছে এবং মূল্যস্ফীতি এক অঙ্কে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলেও তিনি দাবি করেন।এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পৃথকভাবে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, যেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়। সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনায় উভয় পক্ষ অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মিত যোগাযোগ ও ঘনিষ্ঠ পরামর্শ অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন।সরকারি এক বিবৃতির বরাত দিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আঞ্চলিক উত্তেজনা কমাতে কাতারের সহায়তার প্রশংসা করার পাশাপাশি আঞ্চলিক কূটনীতিতে দেশটির গঠনমূলক ভূমিকাও স্বীকার করেছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির জন্য শুভেচ্ছা জানিয়ে শাহবাজ শরিফ বলেন যে তিনি আমিরের পাকিস্তান সফরের অপেক্ষায় রয়েছেন এবং বর্তমান আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় উভয় নেতাই উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ