প্রিন্ট এর তারিখ : ২৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬
জয়পুরহাটে ড্রিমস ওয়াটার পার্ক ইস্যু: লাইভে এসে দুঃখ প্রকাশ, নতুন নির্দেশনা কর্তৃপক্ষের
মোঃ সাদ আব্দুল্লাহ, জয়পুরহাট জেলা প্রতিনিধি ||
জয়পুরহাট সদর উপজেলার ৭নং বম্বু ইউনিয়নের ‘ড্রিমস কিচেন ও ওয়াটার পার্ক’কে কেন্দ্র করে সৃষ্ট সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে দুঃখ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মারুফ আহমেদ। প্রায় তিন বছর আগে রেস্টুরেন্টটি চালু হলেও চলতি ঈদে প্রথমবারের মতো ওয়াটার পার্কটি উদ্বোধন করা হয়। অত্যন্ত অল্প সময়ের প্রস্তুতিতে এটি চালু করায় কিছু নিয়ম-শৃঙ্খলা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে তিনি স্বীকার করেন।লাইভে তিনি বলেন, কর্তৃপক্ষের কিছু ভুলের কারণে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যার জন্য তিনি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। বিশেষ করে ঈদের দিনে উচ্চস্বরে গান-বাজনা বাজার বিষয়টি তাদের ব্যবস্থাপনার ত্রুটি ছিল বলে তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলেও তিনি প্রতিশ্রুতি দেন।পার্কের পরিবেশ সুশৃঙ্খল রাখতে নতুন কিছু নির্দেশনার কথা জানান মারুফ আহমেদ। এখন থেকে উচ্চ শব্দে গান-বাজনা বন্ধ রাখা, স্থানীয় পরিবেশ ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি সম্মান প্রদর্শন এবং দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট কিছু নিয়মাবলি মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট ইউনিয়নে তিনটি কামিল মাদ্রাসা ও একাধিক মসজিদ রয়েছে, তাই এলাকাবাসীর যেন কোনো অসুবিধা না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কর্তৃপক্ষ জানান যে, সাধারণ মানুষের গঠনমূলক সমালোচনার মাধ্যমেই তারা নিজেদের ভুলগুলো সম্পর্কে সচেতন হতে পেরেছেন। ভবিষ্যতে একটি সুস্থ ও পারিবারিক বিনোদন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে তিনি সবার কাছে পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ