প্রিন্ট এর তারিখ : ১৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
এবার হজের খুতবা দেবেন শায়খ আলী হুযাইফি
ঢাকা নিউজ ডেস্ক ||
চলতি বছর আরাফাতের ময়দানে হজে অংশগ্রহণকারী মুসলিম উম্মাহর উদ্দেশে খুতবাহ দেবেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুযাইফি। আগামী ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরাহ থেকে তিনি এই ঐতিহাসিক খুতবাহ প্রদান করবেন। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদানের অনুমোদন দিয়েছেন।শায়খ আলী হুযাইফি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবের মক্কা প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামিক ইউনিভার্সিটি থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক এবং পরবর্তীতে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইনে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।১৯৭৯ সাল থেকে শায়খ হুযাইফি দীর্ঘ সময় ধরে মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। এর মাঝে ১৯৮১ সালের রমজানে তিনি মসজিদুল হারামেও তারাবির নামাজে ইমামতি করেছিলেন এবং ১৯৮৭ সালে কিছুদিন কুবা মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। তার সুললিত ও হৃদয়গ্রাহী কুরআন তেলাওয়াতের জন্য পুরো মুসলিম বিশ্বে তিনি ব্যাপকভাবে সমাদৃত।হজের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অংশ হলো ৯ জিলহজ আরাফার দিন মসজিদে নামিরাহ থেকে প্রদত্ত এই খুতবা। বিশ্বজুড়ে সমবেত লাখো মুসলিম হাজির জন্য এই খুতবাটি একটি প্রধান আধ্যাত্মিক দিকনির্দেশনা হিসেবে কাজ করে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ