প্রিন্ট এর তারিখ : ১৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
পৌনে ২ ঘণ্টা চেষ্টায় কলমিলতা কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা নিউজ ডেস্ক ||
রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা কাঁচাবাজারে লাগা আগুন প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ভোর ৫টা ১৪ মিনিটে কাঁচাবাজারটিতে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের তীব্রতা বিবেচনায় তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট পর্যায়ক্রমে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। দুইতলা বিশিষ্ট এই মার্কেটটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়েছিল।ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ করছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের পুড়ে যাওয়া দোকানগুলো থেকে অবশিষ্ট মালপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ