প্রিন্ট এর তারিখ : ২৮ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬
জয়পুরহাটে জেএমডিসি’র ফ্রি মেডিকেল ক্যাম্পে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্যসেবা
মোঃ সাদ আব্দুল্লাহ, জয়পুরহাট জেলা প্রতিনিধি ||
শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সর্বসাধারণের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে জয়পুরহাটে দিনব্যাপী এক বিশেষ ফ্রি স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটি (জেএমডিসি)-এর উদ্যোগে শহরের দুটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে এই মহতী কর্মসূচির আয়োজন করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জয়পুরহাট শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় এবং জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। কর্মসূচির আওতায় বিদ্যালয় দুটির বিপুল সংখ্যক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।এর পাশাপাশি উপস্থিত শিক্ষক-শিক্ষিকা এবং সর্বসাধারণের স্বাস্থ্যঝুঁকি কমাতে বিনামূল্যে ব্লাড গ্লুকোজ বা ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ পরিমাপের ব্যবস্থা করে জেএমডিসি’র চিকিৎসক ও স্বেচ্ছাসেবক দল। বিনামূল্যে এমন চিকিৎসাসেবা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রমকে অত্যন্ত সময়োপযোগী ও উপকারী হিসেবে উল্লেখ করেছেন। চিকিৎসা নিতে আসা শিক্ষক ও সাধারণ মানুষ জানান, বর্তমান সময়ে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক এবং এই ক্যাম্পের মাধ্যমে অনেকেই নিজেদের স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে সচেতন হতে পেরেছেন।ভবিষ্যতেও জয়পুরহাটের বিভিন্ন স্থানে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকলে সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে বলে তারা আশা প্রকাশ করেন। তরুণ চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটির এই জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় সচেতন মহলে বেশ প্রশংসিত হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ