প্রিন্ট এর তারিখ : ২৮ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেফতার: উত্তাল নেপাল
ঢাকা নিউজ ডেস্ক ||
নেপালের রাজনৈতিক পটপরিবর্তনের রেশ কাটতে না কাটতেই এবার গ্রেফতার হলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। শনিবার ভোরে রাজধানী কাঠমান্ডুর নিজ বাসভবন থেকে তাকে আটক করে পুলিশ। ওলির পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও একই অভিযানে হেফাজতে নেওয়া হয়েছে।এই গ্রেফতারের ঘটনাটি এমন এক সময়ে ঘটলো যখন র্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বলেন্দ্র শাহ দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মাত্র একদিন আগে। জেন-জি আন্দোলনের এই নেতার ক্ষমতা গ্রহণের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই আগের সরকারের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হলো।মূলত গত সেপ্টেম্বরে দেশজুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে অন্তত ৭০ জন নিহতের ঘটনার জেরেই এই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হয়েছে। সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করা এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত অর্থনৈতিক ক্ষোভ থেকে শুরু হওয়া বিক্ষোভে নজিরবিহীন সহিংসতা দেখেছিল নেপাল।পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানিয়েছেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই সাবেক প্রধানমন্ত্রীকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত ওলি বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ গঠন করা হয়নি। ধারণা করা হচ্ছে, বিক্ষোভ দমনে অবহেলা এবং প্রাণহানির ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুঙ এই গ্রেফতার প্রসঙ্গে জানিয়েছেন যে, এটি কোনো রাজনৈতিক প্রতিশোধ নয় বরং আইনের শাসন প্রতিষ্ঠার লড়াই। সরকার-সমর্থিত তদন্ত প্রতিবেদনে আগেই বলা হয়েছিল যে, আন্দোলন দমনে সরাসরি গুলি চালানোর নির্দেশ প্রমাণিত না হলেও মৃত্যুর মিছিল থামাতে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি ওলি সরকার।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ