প্রিন্ট এর তারিখ : ২০ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
কথায় নয় কাজে বিশ্বাসী উল্লেখ করে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় খোকনের
ঢাকা নিউজ ডেস্ক ||
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খাইরুল কবির খোকন বলেছেন, তারা শুধু রাজনৈতিক সস্তা বক্তব্য দিয়ে জনগণের মন জয় করতে চান না। তারা যা বলেন তা-ই করেন এবং কথায় নয়, কাজে বিশ্বাসী। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসায় তারা শুধুমাত্র জনগণের কথাই ভাববেন এবং তাদের জন্যই কাজ করে যাবেন। মঙ্গলবার (১৯ মে) দুপুরে নরসিংদী ভূমিসেবা মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বে যেসব কাজের কথা বলেছেন, ইতোমধ্যে সেসব কাজ শুরু করেছেন এবং তিনি শুধু বাংলাদেশের জনগণের কাছেই নয়, বিশ্ববাসীর কাছেও প্রশংসা কুড়িয়েছেন। জনদুর্ভোগ এড়াতে প্রধানমন্ত্রী ট্রাফিক আইন মেনে সাধারণ মানুষের মতো রাস্তায় চলাফেরা করেন এবং সব এমপি-মন্ত্রীদেরও একইভাবে চলাফেরার পাশাপাশি গণমানুষের কল্যাণে কাজ করার নির্দেশ দিয়েছেন। দেশ একটি দীর্ঘদিনের ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।ভূমিসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে খাইরুল কবির খোকন বলেন, ভূমিসেবা পেতে সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে, সেই লক্ষ্যে প্রশাসনকে আরও আন্তরিক হতে হবে। একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে ওয়ান-স্টপ সার্ভিস দেওয়ারও অনুরোধ জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি নরসিংদীতে শ্রেষ্ঠ ভূমি উন্নয়ন করদাতার হাতে সম্মাননা তুলে দেন।নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা বেগম, রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার মুন্নী ইসলাম, সহকারী কমিশনার সারোয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, সহকারী কমিশনার মেফতাহুল হাসানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ