প্রিন্ট এর তারিখ : ২১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬
গরু নয়, ছাগল কুরবানির আহ্বান নাখোদা মসজিদের ইমামের
ঢাকা নিউজ ডেস্ক ||
ভারতের পশ্চিমবঙ্গে সরকারি নির্দেশনার পর কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাসেমি মুসলিমদের প্রতি গরু কুরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে গরুর মাংস না খাওয়ারও পরামর্শ দিয়েছেন, যা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।বার্তাসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইমাম বলেন, মুসলিমদের কুরবানির জন্য বিকল্প হিসেবে ছাগল রয়েছে, তাই সবাই যেন ছাগল দিয়েই কুরবানি সম্পন্ন করেন। তিনি উল্লেখ করেন, মুসলিমরা গরুর মাংস খাওয়া বন্ধ করলে তা দুগ্ধ ব্যবসার সঙ্গে জড়িত হিন্দু ভাইদের সবচেয়ে বেশি ক্ষতি করবে; কারণ বহু হিন্দু পরিবার তাদের জীবনের সব সঞ্চয় গরুর পেছনে ব্যয় করে কুরবানির ঈদে তা বিক্রি করেন।সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার একটি নির্দেশনা জারি করে জানিয়েছে, এখন থেকে অনুমতি ছাড়া রাজ্যের কোথাও গরু ও মহিষ জবাই করা যাবে না। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, কোনো গরু জবাই করতে হলে তার বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে এবং তা শুধুমাত্র সরকার নির্ধারিত কসাইখানায় জবাই করতে হবে।এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাওলানা শফিক কাসেমি মন্তব্য করেছেন যে, বর্তমানে পশ্চিমবঙ্গে এ ধরনের পর্যাপ্ত অবকাঠামো নেই। তিনি আগে সরকারকে কসাইখানা নির্মাণ এবং পর্যাপ্ত পশু চিকিৎসকের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। সরকার তা করতে ব্যর্থ হলে গরুকে জাতীয় পশু ঘোষণা করে এর জবাই ও রপ্তানি পুরোপুরি নিষিদ্ধ করার কথা বলেন তিনি।ইমাম ভারতের বর্তমান গরু নীতির সমালোচনা করে বলেন, একদিকে দেশটিতে বড় বড় কসাইখানায় ইসলামিক পদ্ধতিতে গরু জবাই করে বিলিয়ন ডলার আয় করা হচ্ছে এবং ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ গরুর মাংস রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষের গরুর মাংসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে এবং মুসলিমদের পিটিয়ে হত্যা করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ