প্রিন্ট এর তারিখ : ২১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬
পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে আইআরজিসির হুমকি
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি ইরানের বিরুদ্ধে আবারও সামরিক আগ্রাসন চালায়, তবে যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না বলে হুশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে বাহিনীটি বলেছে, এবার এমন সব স্থানে পাল্টা হামলা চালানো হবে, যা শত্রুদের কল্পনারও বাইরে।বুধবার (২০ মে) প্রকাশিত এক বিবৃতিতে ‘আমেরিকান-জায়নিস্ট শত্রুদের’ উদ্দেশে এই কড়া বার্তা দেয় আইআরজিসি। তারা উল্লেখ করেছে, অতীতের কৌশলগত ব্যর্থতা থেকেও ওয়াশিংটন ও তেলআবিব কোনো শিক্ষা নেয়নি এবং আবারও হুমকি ও চাপের পথ বেছে নিয়েছে।বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালালেও, ইরান এখনও তার পূর্ণ সামরিক সক্ষমতা বা মূল অস্ত্র ব্যবহার করেনি। যদি আবারও কোনো আগ্রাসন চালানো হয়, তবে প্রতিশ্রুত আঞ্চলিক যুদ্ধ এবার মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে যাবে এবং ইরানের ধ্বংসাত্মক আঘাত শত্রুর কল্পনাতীত জায়গায় পৌঁছাবে।পবিত্র কুরআনের একটি আয়াত উদ্ধৃত করে বাহিনীটি জানায়, তারা যুদ্ধের মানুষ এবং ফাঁকা বক্তব্যে নয়, বরং যুদ্ধক্ষেত্রেই বিশ্ব তাদের শক্তি দেখতে পাবে।আইআরজিসির এই বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। এদিকে ইরানকে কড়া হুমকি ছুঁড়ে দিয়ে ইসরাইলে ইতোমধ্যে সামরিক বিমান ও রসদ মজুদ করা শুরু করেছে যুক্তরাষ্ট্র।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ