প্রিন্ট এর তারিখ : ২১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
ইবোলার নতুন টিকা আসতে লাগবে ৯ মাস
ঢাকা নিউজ ডেস্ক ||
ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ ইবোলার টিকা বাজারে আসতে আর ৯ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার জেনেভায় ডব্লিউএইচও’র সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির উপদেষ্টা ড. ভাসি মূর্তি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইবোলা ভাইরাসের বুন্ডিবুগিও প্রজাতির বিস্তার থামাতে দু’টি সম্ভাব্য 'ক্যান্ডিডেট ভ্যাকসিন' তৈরির কাজ শুরু হলেও সেগুলো এখনও ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে পৌঁছায়নি। টিকা সম্পূর্ণভাবে তৈরি এবং ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হতে এই সময় লাগবে।বর্তমানে মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক (ডি আর) কঙ্গোতে প্রায় মহামারি পর্যায়ে ছড়িয়ে পড়েছে ইবোলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এক বিবৃতিতে জানিয়েছেন, কঙ্গোতে এ পর্যন্ত ইবোলার উপসর্গজনিত কারণে ১৩৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৬০০ জনের মধ্যে এই রোগের উপসর্গ শনাক্ত হয়েছে। ড. ভাসি মূর্তি উল্লেখ করেন, কঙ্গোতে যাদের মধ্যে উপসর্গ দেখা দিয়েছে তাদের মধ্যে ৫১ জন ইবোলাতে আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে এবং প্রতিবেশী উগান্ডাতেও ২ জন এই রোগে আক্রান্ত হয়েছেন।কঙ্গোতে নিশ্চিতভাবে আক্রান্ত হওয়া ৫১ জন রোগীই দেশটির পূর্বাঞ্চলীয় দুই প্রদেশ ইতুরি এবং উত্তর কিভু’র বাসিন্দা। অন্যদিকে উগান্ডায় আক্রান্ত ২ জন রোগী দেশটির রাজধানী কামপালার বাসিন্দা বলে জানা গেছে। কঙ্গোতে ইবোলার এই বিধ্বংসী প্রাদুর্ভাবের জেরে গত ১৭ মে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে ডব্লিউএইচও।তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্ট করেছে যে ইবোলার এই প্রাদুর্ভাব পরিস্থিতি এখনও বৈশ্বিক মহামারি পর্যায়ে পৌঁছায়নি। তেদ্রোস আধানম গেব্রিয়েসুস সাংবাদিকদের বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যালোচনা অনুযায়ী, কঙ্গোতে ইবোলার যে প্রাদুর্ভাব শুরু হয়েছে তা আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে উচ্চমাত্রার মহামারি হলেও এখনও বৈশ্বিক মহামারির পর্যায়ে উন্নীত হয়নি।এদিকে কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে ইতোমধ্যে ২ কোটি পাউন্ড অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এই অর্থ সামনের সারির স্বাস্থ্যকর্মীদের ভাতা, প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ এবং এই রোগটিকে নজরদারির মধ্যে রাখার মতো বিভিন্ন জরুরি খাতে ব্যয় করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ