প্রিন্ট এর তারিখ : ২২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
তৃণমূল সাংসদ সায়নী ঘোষকে শিরশ্ছেদের হুমকি বিজেপি নেতার
ঢাকা নিউজ ডেস্ক ||
তৃণমূল কংগ্রেসের লোকসভা সদস্য সায়নী ঘোষকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে ভারতের জাতীয় রাজনীতি ও পশ্চিমবঙ্গে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার সিকন্দরাবাদ পুরসভার চেয়ারম্যান তথা বিজেপি নেতা প্রদীপ দীক্ষিতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই এই রাজনৈতিক তোলপাড় শুরু হয়। অভিযোগ উঠেছে, ওই ভিডিওতে সায়নী ঘোষের শিরশ্ছেদের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন প্রদীপ দীক্ষিত। তবে সংশ্লিষ্ট বিজেপি নেতা দাবি করেছেন যে ভিডিওটি এডিট বা বিকৃত করা হয়েছে এবং তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তীব্র ক্ষোভ প্রকাশ করে সায়নী ঘোষ লিখেছেন যে একজন বর্তমান নারী সাংসদের শিরশ্ছেদের জন্য প্রকাশ্য বার্তা ও পুরস্কার ঘোষণা দেখে তিনি বিস্মিত ও হতবাক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং লোকসভার স্পিকার ওম বিড়লাকে ট্যাগ করে তিনি প্রশ্ন তোলেন—একজন নির্বাচিত মহিলা জনপ্রতিনিধিকে প্রকাশ্য প্রাণনাশের হুমকি দেওয়াই কি নতুন ভারতে নারী শক্তির প্রকৃত চিত্র?বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে এনে সায়নী বলেন, যেখানে বিজেপির শীর্ষ নেতৃত্ব মহিলাদের নিরাপত্তা ও প্রতিনিধিত্বকে অন্যতম প্রধান ইস্যু করেছিলেন, সেখানে আজ তাদেরই এক নেতার কাছ থেকে এই হুমকি আসছে। যোগী আদিত্যনাথের রাজ্যের পুলিশের কাছে অবিলম্বে ওই বিজেপি নেতার বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সায়নী ঘোষ স্পষ্ট করে দিয়েছেন যে কোনো হুমকি বা ভয় দেখিয়ে তাঁকে চুপ করানো যাবে না এবং সংসদের ভিতরে-বাইরে গণতান্ত্রিকভাবে ভিন্নমত প্রকাশের অধিকার তিনি ভবিষ্যতেও বজায় রাখবেন।উল্লেখ্য, সায়নী ঘোষের বেশ কয়েক বছর পুরনো একটি শিবলিঙ্গ সংক্রান্ত সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত হয়েছে। সায়নী শুরু থেকেই দাবি করে আসছেন যে সে সময় তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং ওই পোস্ট তিনি নিজে করেননি। তবে সম্প্রতি উত্তরপ্রদেশে সেই পুরনো ইস্যু টেনে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় এবং সেখান থেকেই বিজেপি নেতার এই বিতর্কিত মন্তব্যের ভিডিওটি ছড়ায় বলে জানা গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ