প্রিন্ট এর তারিখ : ২৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬
রুশ-ইউক্রেন যুদ্ধে মাদারীপুরের বাংলাদেশি যুবকের মৃত্যু
ঢাকা নিউজ ডেস্ক ||
রাশিয়ার হয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সুরুজ কাজী নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনা শোনার পর মাদারীপুরে তার গ্রামের বাড়িতে বাবা, মা ও স্বজনদের মাতম চলছে। নিহত সুরুজ কাজী মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছাড়া গ্রামের সাহাবুদ্দিন কাজীর ছেলে।নিহতের পরিবার জানায়, ৯ মাস আগে প্রতিবেশী এলেন মাতুব্বরের ছেলে দুলু মাতুব্বরের মাধ্যমে ৯ লাখ টাকার বিনিময়ে রাশিয়ায় পৌঁছায় সুরুজ। সেখানে গিয়ে ৮০ হাজার টাকায় একটি কোম্পানিতে কাজ করার পর চলতি মাসে দালালদের প্রলোভনে বেশি বেতনে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে যোগ দেন। বাবুর্চি হিসেবে তিনি যুদ্ধরত একটি ক্যাম্পে রান্না করতেন এবং সম্প্রতি সেই ক্যাম্পে ইউক্রেনের নিক্ষেপ করা মাইন বিস্ফোরণে সুরুজ নিহত হন।প্রথমে বিষয়টি গোপন রাখা হলেও রাশিয়ায় অবস্থানরত দুই বাংলাদেশি প্রবাসী যুবক মোবাইল ফোনে সুরুজের পরিবারকে তার মৃত্যুর খবর জানান। বৃহস্পতিবার রাতে মৃত্যুর খবর বাড়িতে এলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এই ঘটনার পর থেকে অভিযুক্ত দালাল দুলু মাতুব্বর ও তার সহযোগীরা পলাতক রয়েছে এবং স্বজনসহ এলাকাবাসী দালালদের কঠোর শাস্তি দাবি করেছেন।নিহতের বাবা সাহাবুদ্দিন কাজী ও বড় বোন শারমিন আক্তার দালাল চক্রের প্রলোভনের বিচার দাবি করেছেন এবং সরকারের কাছে আকুতি জানিয়েছেন যেন দ্রুত সুরুজের লাশ দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করা হয়।মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন এবং নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ