প্রিন্ট এর তারিখ : ২২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬
ইনজুরি এড়াতে জেমিনি ব্যবহার করবে আর্জেন্টিনা
ঢাকা নিউজ ডেস্ক ||
বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের কোচিং স্টাফের জন্য গুগল জেমিনির এআই প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। বুধবার (২০ মে) নিউইয়র্কের টাইমস স্কয়ারের বড় পর্দায় একটি ঘোষণার মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়, যা মূলত খেলোয়াড়দের চোট প্রতিরোধ এবং ম্যাচ বিশ্লেষণে কাজে লাগানো হবে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কমার্শিয়াল ডিরেক্টর লিয়ান্দ্রো পিটারসেন জানান, এই প্রযুক্তি খেলোয়াড়দের চোট এড়াতে, ম্যাচের কৌশল বিশ্লেষণ করতে এবং ম্যাচ চলাকালীন রিয়েল-টাইমে কোচিং স্টাফদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়তা দেবে। গুগলের সঙ্গে চুক্তির আর্থিক দিক সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও একে এএফএ ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ চুক্তি বলে উল্লেখ করেন তিনি।লিয়ান্দ্রো পিটারসেন আরও জানান, ভক্তরা জেমিনি এআই ব্যবহার করে প্ল্যাটফর্মে ছবি আপলোড করার সময় তাদের প্রিয় তারকা বা গানসহ নানা উপাদান যুক্ত করে নতুন ছবি তৈরি করতে পারবেন। এর মাধ্যমে মাঠে গিয়ে যারা খেলা দেখতে পারবেন না, তারা জাতীয় দল ও লিওনেল মেসির মতো তারকাদের আরও কাছ থেকে অনুভব করার সুযোগ পাবেন। ওপেনএআই-এর চ্যাটজিপিটি, অ্যানথ্রোপিকের ক্লদ, এক্স-এর গ্রক এবং গুগলের জেমিনির মতো প্রযুক্তির বিস্তারের পর ফুটবলে এটি এক নতুন অভিজ্ঞতার বিশ্বকাপ হতে যাচ্ছে। গুগলের লাতিন আমেরিকা অঞ্চলের কমিউনিকেশনস ডিরেক্টর ফ্লোর সাবাতিনি বলেন, এবারের আসরটি আগের সব বিশ্বকাপ থেকে সম্পূর্ণ আলাদা হতে চলেছে কারণ এআই প্রযুক্তি এবার সরাসরি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকদের হাতের নাগালে থাকবে।উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে ফ্রান্স ও স্পেনের মতো দলগুলোর সঙ্গে আর্জেন্টিনাও অন্যতম ফেবারিট হিসেবে মাঠে নামবে। লিওনেল মেসির নেতৃত্বে আলবিসেলেস্তেরা ২০২২ কাতারের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই এবার যাত্রা শুরু করবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ