প্রিন্ট এর তারিখ : ২৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা নবম
ঢাকা নিউজ ডেস্ক ||
দীর্ঘ সময় ধরে বায়ুদূষণের ঝুঁকিতে থাকা মেগাসিটি ঢাকার বায়ুমানের মাত্রায় আবারও ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি বৃষ্টির কারণে বায়ুমানে কিছুটা উন্নতি দেখা গেলেও শনিবার সকাল সাড়ে ৭টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান এখন নবম। এ সময় রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১১৯, যা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।এবারের তালিকায় ১৯৮ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা এবং ১৯৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। তালিকায় ১৬৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা, ১৬৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে চিলির সান্তিয়াগো এবং ১৫৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর; যার প্রতিটি শহরের বায়ুমানই ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে পড়েছে। এছাড়া উগান্ডার কামপালা, নেপালের কাঠমান্ডু, চীনের হাংজু, ভারতের কলকাতা এবং পাকিস্তানের করাচি ১০৫ থেকে ১৪৫ স্কোরের মধ্যে অবস্থান করছে, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। এছাড়া স্কোর ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ