প্রিন্ট এর তারিখ : ২৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
চীনের কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ৮ শ্রমিকের মৃত্যু
ঢাকা নিউজ ডেস্ক ||
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রদেশের লিউশেনইউ কয়লাখনিতে এই দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন, যাদের মধ্যে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২০১ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, খনিতে আটকে পড়া শ্রমিকদের মধ্যে এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে এবং আরও ৩৮ জন শ্রমিক এখনো মাটির নিচে আটকা পড়ে আছেন। খনিটিতে বিষাক্ত ও গন্ধহীন কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় ভেতরে আটকে থাকাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বর্তমানে সেখানে উদ্ধার অভিযান জোরালোভাবে চলছে।এই খনি দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন এবং ঘটনার একটি পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে দেশের সব অঞ্চল ও বিভাগকে কর্মক্ষেত্রের নিরাপত্তা বিষয়ে আরও সতর্ক হতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের বড় দুর্ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে হবে।চীনের প্রধান কয়লা খনির কেন্দ্র হিসেবে পরিচিত শানসি প্রদেশে সাম্প্রতিক দশকগুলোতে নিরাপত্তা ব্যবস্থার কিছুটা উন্নতি হলেও, খনিগুলোতে নিরাপত্তা বিধি যথাযথভাবে না মানার কারণে এখনো প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে। উল্লেখ্য, চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি কয়লা ব্যবহারকারী দেশ এবং সবচেয়ে বড় গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী রাষ্ট্র হলেও, একই সঙ্গে তারা নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনেও দ্রুত অগ্রসর হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ