প্রিন্ট এর তারিখ : ২৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
আমেরিকার প্রতি ভালোবাসার’ কারণে ছেলের বিয়েতে থাকছেন না ট্রাম্প
ঢাকা নিউজ ডেস্ক ||
চলতি সপ্তাহেই বিয়ের পিড়িতে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তবে এই বিশেষ মুহূর্তে পাশে থাকছেন না বাবা ডোনাল্ড ট্রাম্প। সরকারি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বের কারণে তাকে ওয়াশিংটনেই অবস্থান করতে হচ্ছে বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি খুবই চেয়েছিলাম আমার ছেলে ডন জুনিয়র এবং ট্রাম্প পরিবারের নতুন সদস্য হতে যাওয়া তার হবু স্ত্রী বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে থাকতে। কিন্তু সরকারি দায়িত্ব ও যুক্তরাষ্ট্রের প্রতি আমার ভালোবাসার কারণে তা সম্ভব হচ্ছে না।’ তিনি আরও যোগ করেন, ‘এই গুরুত্বপূর্ণ সময়ে হোয়াইট হাউসে ওয়াশিংটনে থাকাটাই আমার জন্য জরুরি।’মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহান্তে বাহামার একটি ছোট দ্বীপে ডন জুনিয়রের বিয়ের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সম্পূর্ণ ব্যক্তিগত এবং অত্যন্ত সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে।এর আগে গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানিয়েছিলেন, তার ছেলে চেয়েছিল তিনি যেন বিয়েতে উপস্থিত থাকেন। তবে এটি ছোট ও পারিবারিক আয়োজন হওয়ায় এবং বর্তমান পরিস্থিতি অনুকূলে না থাকায় তার পক্ষে যাওয়া কঠিন হয়ে পড়েছে। নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ‘আমার সামনে এখন ইরানসহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে।’উল্লেখ্য, বর্তমানে ট্রাম্প প্রশাসন পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যে যুদ্ধ শুরু করে, তা বিশ্ব অর্থনীতিতেও ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে।এটি ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি সাবেক মডেল ও অভিনেত্রী ভ্যানেসা ট্রাম্পের সঙ্গে ১২ বছর সংসার করেন, যেখানে তাদের পাঁচ সন্তান রয়েছে। ২০১৮ সালে ভ্যানেসা বিচ্ছেদের আবেদন করার পর ট্রাম্প জুনিয়র মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব কিম্বারলি গুইলফয়েলের সঙ্গে বাগদান করেছিলেন, তবে ২০২৪ সালে তাদের সেই সম্পর্কেরও বিচ্ছেদ ঘটে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ