প্রিন্ট এর তারিখ : ২৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
তারেক রহমানের প্রতিটি পদক্ষেপ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: ড. খন্দকার মারুফ হোসেন
ঢাকা নিউজ ডেস্ক ||
সরকার পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিটি পদক্ষেপ ও গৃহীত সিদ্ধান্ত মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, যেখানেই মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে, তারেক রহমান সেখানেই মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছেন, সাহস জোগাচ্ছেন এবং আইনি ব্যবস্থা গ্রহণ করছেন। চাঞ্চল্যকর শিশু রামিসা হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী সান্ত্বনা জানাতে তার বাসায় গেছেন, নিহতের বড় বোনের চাকরির ব্যবস্থা করেছেন এবং দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন। তাঁর এই মানবিক উদ্যোগ সব মহলে প্রশংসিত হয়েছে।শনিবার (২৩ মে) কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের লক্ষ্মীপুরে দুরারোগ্য সারকোমা ক্যান্সারে আক্রান্ত গুরুতর অসুস্থ কুমিল্লা (উত্তর) জেলা জাসাসের সদস্য সচিব এস.এম. মিজান পাপ্পুকে দেখতে গিয়ে সমবেত দলীয় নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ড. খন্দকার মারুফ হোসেন বিএনপি এবং স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষ থেকে প্রদত্ত চিকিৎসা সহায়তার নগদ অর্থ অসুস্থ মিজান পাপ্পুর হাতে তুলে দেন।ড. খন্দকার মারুফ বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিত্ব। তেমনিভাবে বিএনপি এবং বর্তমান সরকারও মানবিক। বিগত ফ্যাসিস্ট সরকার ছিল সম্পূর্ণ নিষ্ঠুর ও অমানবিক। তারা গায়ের জোরে ক্ষমতায় থেকে জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে এবং দেশের গণতন্ত্র ও অর্থনীতিসহ সব ক্ষেত্র ধ্বংস করে পালিয়ে গেছে।" তিনি আরও যোগ করেন, জনগণের নিরঙ্কুশ ভোটে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসেছে এবং বর্তমান সরকার দেশের উন্নয়ন, মানবিক দায়িত্ব পালন ও মানুষের উন্নত জীবনযাপনের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, কুমিল্লা (উত্তর) জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক ডা. মোসলেমউদ্দিন প্রমুখ।অসুস্থ নেতাকে দেখার আগে ড. খন্দকার মারুফ হোসেন দাউদকান্দি উপজেলার রায়পুর বধ্যভূমিতে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। উল্লেখ্য, ১৯৭১ সালের ২৩ মে রায়পুরের এই স্থানেই পাক হানাদার বাহিনীর হাতে এলাকার ১১ জন নিরীহ মানুষ নির্মমভাবে শহীদ হয়েছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ