প্রিন্ট এর তারিখ : ২৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
আর্জেন্টিনাকে ভোগানো সেই ফুটবলারদের বিশ্বকাপ স্কোয়াড
ঢাকা নিউজ ডেস্ক ||
আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে সৌদি আরব। কাতার বিশ্বকাপে শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে স্মরণীয় জয় এনে দেওয়া বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ও এবারের এই দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন।২০২২ বিশ্বকাপে কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে প্রথমে অধিনায়ক লিওনেল মেসির গোলে পিছিয়ে পড়েছিল সৌদি আরব। তবে দ্বিতীয়ার্ধে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে গোল করে ম্যাচের চিত্র বদলে দেওয়া সালেহ আল শেহরি ও সালেম আল দাওসারী—উভয় ফুটবলারই আছেন এবারের নতুন স্কোয়াডে। এ ছাড়া সেই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইসসহ কাতার বিশ্বকাপের ওই ম্যাচের একাদশে থাকা আরও একাধিক ফুটবলার রয়েছেন সৌদির আসন্ন এই বিশ্বকাপ স্কোয়াডে।গত দুই বিশ্বকাপে একটি মাত্র জয় পাওয়া সৌদি আরব এবারও শক্তিশালী প্রতিপক্ষকে চমকে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। দলটি আগামী ১৫ জুন মিয়ামিতে উরুগুয়ের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে। এর পর ২১ জুন স্পেন এবং ২৬ জুন নবাগত কেপ ভার্দের মুখোমুখি হবে তারা; যার শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আটলান্টা ও হিউস্টনের স্টেডিয়ামে।ঘোষিত এই স্কোয়াডের গোলরক্ষক হিসেবে আছেন আহমেদ আল কাসার, মোহাম্মদ আল ওয়াইস, নাওয়াফ আল আকিদি এবং আব্দুলকুদ্দুস আত্তিয়া। ডিফেন্ডার হিসেবে খেলবেন সৌদ আব্দুলহামিদ, মোহাম্মদ আবু আল শামাত, খালিদ আল ঘান্নাম, মোতেব আল হারবি, আব্দুলইলাহ আল আমরি, নাওয়াফ বুশাল, জাকারিয়া হাওসাউই, হাসান কাদেশ, আলী লাজামী, আলী মাজরাশি, হাসান তামবাক্তি এবং জেহাদ থিকরি।দলের মিডফিল্ডার হিসেবে সুযোগ পেয়েছেন নাসের আল দাওসারী, আলা আল হাজ্জি, জিয়াদ আল জোহানি, মুসাব আল জুওয়ায়র, আব্দুল্লাহ আল খাইবারি, সালেহ আবু আল শামাত, মোহাম্মদ কান্নো, সুলতান মান্দাশ ও আয়মান ইয়াহয়াহ। এ ছাড়া ফরোয়ার্ড লাইনে সৌদি আরবের আক্রমণভাগ সামলাবেন ফেরাস আল ব্রিকান, সালেম আল দাওসারী, আব্দুল্লাহ আল হামদান, আব্দুল্লাহ আল সালেম এবং সালেহ আল শেহরি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ