প্রিন্ট এর তারিখ : ২৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
শান্তি চুক্তির পর হরমুজ প্রণালি খুলবে: ট্রাম্প
ঢাকা নিউজ ডেস্ক ||
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শান্তি চুক্তির আওতায় বহুল আলোচিত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। সেইসঙ্গে এই চুক্তির ‘চূড়ান্ত কিছু বিষয় ও বিস্তারিত’ দিক এখনো আলোচনাাধীন রয়েছে এবং খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তির আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি হরমুজ প্রণালিও পুনরায় খুলে দেওয়া হবে। এ ছাড়া তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও ফোনে কথা বলেছেন এবং সেই আলোচনা ‘খুব ভালো’ হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন।মার্কিন প্রেসিডেন্টের এই গুরুত্বপূর্ণ বিবৃতিটি এমন একটি সময়ে সামনে এসেছে, যখন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির গত শনিবার তাঁর ইরান সফর শেষ করেছেন। পাকিস্তান সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, সেনাপ্রধানের এই সফরটি ‘সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ’ ছিল।এদিকে তেহরানের সরকারি কর্মকর্তারা বারবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের আলোচনায় যাওয়ার বিষয়ে বেশ সতর্ক অবস্থান নিয়েছেন। তাঁদের অভিযোগ, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময়েই যুক্তরাষ্ট্র এর আগে দু’বার ইরানে সামরিক হামলা চালিয়েছিল।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ