প্রিন্ট এর তারিখ : ২৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমালো শুভেন্দু সরকার
ঢাকা নিউজ ডেস্ক ||
পশ্চিমবঙ্গে ঈদুল আজহার সরকারি ছুটি কমিয়ে একটি বড় রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা দিয়েছে নবগঠিত বিজেপি সরকার। দীর্ঘদিনের প্রচলিত দুই দিনের ছুটির বদলে এবার মাত্র এক দিনের ছুটি ঘোষণা করেছে নবান্ন। এই সিদ্ধান্তের পর থেকেই রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে যে, তবে কি এবার দুর্গাপূজার দীর্ঘ ছুটির সংস্কৃতিতেও পরিবর্তন আসতে চলেছে।শনিবার নবান্ন থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বকরি ঈদ (ঈদুল আজহা) উপলক্ষে আগামী ২৮ মে বৃহস্পতিবার একদিন সরকারি ছুটি থাকবে। আগের সরকারের ঘোষণা অনুযায়ী ২৬ ও ২৭ মে দুই দিনের ছুটি থাকার কথা থাকলেও নতুন নির্দেশিকায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।প্রশাসনিক সূত্রের দাবি, চাঁদ দেখার ওপর নির্ভর করে প্রকৃত ধর্মীয় ক্যালেন্ডারের সঙ্গে মিল রেখেই ছুটির দিন পরিবর্তন করা হয়েছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার এর মাধ্যমে মূলত অতিরিক্ত ছুটির সংস্কৃতির বদলে প্রশাসনে কাজের পরিবেশ, কর্মসংস্কৃতি ও নিয়মিত কর্মদিবস নিশ্চিত করার অবস্থান স্পষ্ট করছে। দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে উৎসব উপলক্ষে অতিরিক্ত ছুটি ঘোষণার প্রবণতা নিয়ে বিরোধীরা সমালোচনা করে আসছিল।ঈদের ছুটি কমানোর পর এখন রাজ্যে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে দুর্গাপূজার ছুটি নিয়ে। ক্ষমতা ছাড়ার আগে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের দুর্গাপূজায় টানা ১৩ দিনের ছুটির ঘোষণা করেছিলেন। তবে প্রশাসনিক মহলের একাংশের মতে, ঈদের মতো বড় ধর্মীয় উৎসবের অতিরিক্ত ছুটি যখন কমানো হয়েছে, তখন দুর্গাপূজার দীর্ঘ ছুটি বহাল রাখা নতুন সরকারের জন্য কঠিন হতে পারে। তা ছাড়া রাজ্যের শিল্প ও নতুন বিনিয়োগ আকর্ষণ করতে প্রশাসনিক গতি ও পেশাদার পরিবেশ ফিরিয়ে আনতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সরকারের ঘনিষ্ঠ মহল জানিয়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুভেন্দু সরকারের এই সিদ্ধান্ত জনমোহিনী নীতির বদলে কঠোর প্রশাসনিক অবস্থান নেওয়ার একটি বড় ইঙ্গিত। তবে বিরোধী শিবির অভিযোগ করেছে, উৎসবপ্রিয় পশ্চিমবঙ্গে ধর্মীয় ও সামাজিক আবেগের বিষয়গুলোতে এমন অতিরিক্ত কঠোরতা দেখালে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে এবং এই সিদ্ধান্ত ভবিষ্যতে রাজনৈতিক বিতর্ক আরও বাড়াতে পারে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ