প্রিন্ট এর তারিখ : ২৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬
পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের জন্য তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার
ঢাকা নিউজ ডেস্ক ||
ভারতে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ ও প্রত্যর্পণ প্রক্রিয়া কঠোর করতে পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি জেলায় 'হোল্ডিং সেন্টার' তৈরির উদ্যোগ নিয়েছে। রাজ্যটির সরকারি নির্দেশনা অনুযায়ী, এসব কেন্দ্রে কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং সাজা শেষ হওয়া বিদেশি নাগরিকদের রাখা হবে। ভারতের অন্যান্য রাজ্যে গত এক বছরে এ ধরনের সেন্টার গড়া হলেও পশ্চিমবঙ্গে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হলো, যা নিয়ে মানবাধিকার ও নাগরিকত্ব যাচাইয়ের জটিলতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।গত সপ্তাহের শেষে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের কাছে পাঠানো একটি সরকারি নির্দেশনায় বলা হয়েছে, বেআইনিভাবে দেশে বসবাসরত বিদেশি নাগরিকদের প্রত্যর্পণ সংক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত বছরের নির্দেশনা মেনে প্রতিটা জেলায় এই হোল্ডিং সেন্টার করতে হবে। এর আগে কেন্দ্রীয় নির্দেশ মেনে ভারতের অন্য অনেক রাজ্যে এ ধরনের সেন্টার গড়ে তোলা হয়, যেখানে অবৈধভাবে বসবাসের সন্দেহে বহু মানুষকে আটক করে রাখা হয়েছে। তবে ওই রাজ্যগুলোতে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই ছিলেন মূলত পশ্চিমবঙ্গ থেকে কাজে যাওয়া বাংলাভাষী মুসলমান পরিযায়ী শ্রমিক এবং প্রকৃত ভারতীয় নাগরিক।গত বছর এপ্রিলে ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের গুলিতে ২৬ জন বেসামরিক মানুষ নিহত হওয়ার পর ভারতের বিভিন্ন রাজ্যে কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। এর জেরে গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, ওড়িশাসহ নানা রাজ্যে শিশু ও নারীসহ কয়েক হাজার মানুষকে আটক করা হয়েছিল।পরিচয় যাচাইয়ের জন্য আটককৃত এই হাজার হাজার মানুষদের অনেককে ছয়-সাত দিন বা তারও বেশি সময় আটকে রাখা হয়। পরবর্তীতে সঠিক পরিচয় যাচাইয়ের পর তাদের মধ্য থেকে বেশ কিছু মানুষকে ছেড়ে দেওয়া হলেও অনেক পরিবারকে বাংলাদেশে ‘পুশ-আউট’ করে দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ