প্রিন্ট এর তারিখ : ২৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬
'ভারত যা চাইবে, তাই পাবে' বললেন ট্রাম্প
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনে যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে মোদির বড় ভক্ত উল্লেখ করে তিনি বলেছেন, ভারত যা চাইবে, তাই পাবে। স্থানীয় সময় রোববার (২৪ মে) রাতে আয়োজিত এই অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর উপস্থিত ছিলেন।ফোনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প মার্কিন রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে বলেন, সার্জিও, আপনাকে আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে হবে; তবে আমি সবার প্রতি শুভেচ্ছা জানাতে চাই। তিনি আরও বলেন, তিনি ভারতকে ভালোবাসেন এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি অসাধারণ ও তার একজন ভালো বন্ধু।যুক্তরাষ্ট্র ও ভারতের বর্তমান সম্পর্ক নিয়ে ট্রাম্প বলেন, তারা ভারতের এত কাছাকাছি আগে কখনও ছিলেন না এবং ভারত যুক্তরাষ্ট্রের ওপর শতভাগ ভরসা করতে পারে। তাদের কোনো সহায়তার প্রয়োজন হলে তারা জানে কোথায় ফোন করতে হবে এবং তারা এখানেই ফোন করবে। একই সাথে তিনি উল্লেখ করেন, তাদের দেশ বর্তমানে ভালো করছে এবং একের পর এক রেকর্ড গড়ছে।মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বর্তমানে তাদের অর্থনীতি রেকর্ড পরিমাণ শক্তিশালী এবং শেয়ারবাজারও রেকর্ড উচ্চতায় রয়েছে। এ সময় তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করে বলেন, তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বকালের সেরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব শেষ করবেন। যখন তাদের কাছে মার্কো ও সার্জিওর মতো মানুষ থাকে, তখন তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই পাচ্ছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ