প্রিন্ট এর তারিখ : ২৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬
হাসপাতালে চিকিৎসাধীন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ঢাকা নিউজ ডেস্ক ||
দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় দেশটির রাজধানী তেল আবিবের হাদাসাহ আইন কেরেম মেডিকেল সেন্টারে তাকে নিয়ে যাওয়া হয়। হিব্রু গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, মূলত দাঁতের চিকিৎসার জন্য নেতানিয়াহুকে ওই হাসপাতালে নেওয়া হয়েছে।৭৬ বছর বয়সি এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সাম্প্রতিক সময়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। কয়েকটি ঘটনার মাধ্যমে তার স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জনসাধারণের কাছ থেকে গোপন রাখার অভিযোগ উঠে আসে এবং এ নিয়ে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এর ফলে ইসরাইলের অনেকের মধ্যে প্রধানমন্ত্রীর সামগ্রিক শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।গত মাসে নেতানিয়াহু সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্টে জানান, তিনি সম্প্রতি হাদাসাহ মেডিকেল সেন্টারে প্রোস্টেটের ম্যালিগন্যান্ট (ক্যানসারজনিত) টিউমারের জন্য সফলভাবে অস্ত্রোপচার করেছেন। ইরান যুদ্ধে যেন এটি ইসরাইলের বিরুদ্ধে প্রচারণার কাজে ব্যবহার করতে না পারে, সেই কারণে তিনি বিষয়টি জনসমক্ষে আনেননি বলে দাবি করেন; তবে কবে রোগ নির্ণয় বা চিকিৎসা শুরু-শেষ হয়েছিল সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি। নেতানিয়াহুর ঘোষণার সঙ্গে তার যে বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন ও অতিরিক্ত নথি প্রকাশ করা হয়, সেটির অর্ধেক পৃষ্ঠাজুড়ে মাত্র পাঁচটি অস্পষ্ট বিষয় ছিল, কোন বছরের প্রতিবেদন সেটি উল্লেখ ছিল না এবং কোনো নথিতেই হাসপাতালের লোগো বা আনুষ্ঠানিক চিকিৎসা বিবৃতির ইঙ্গিত ছিল না।এর আগে ২০২৩ সালের জুলাইয়ে নেতানিয়াহুর শরীরে একটি পেসমেকার বসানো হয়েছিল এবং ২০২৪ সালের মার্চে তার হার্নিয়ার অস্ত্রোপচার ও একই বছরের ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচার হয়। পেসমেকার বসানোর প্রথমদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় ও হাসপাতাল জানিয়েছিল, তিনি পানিশূন্যতা পর্যবেক্ষণের জন্য রামাত গানের সেবা মেডিকেল সেন্টারে এক রাত অবস্থান করেছিলেন; কিন্তু পরে যখন হাসপাতাল জানায় যে বাস্তবে তার শরীরে একটি সাবকিউটেনিয়াস হার্ট মনিটর বসানো হয়েছিল, তখন তার সামগ্রিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন ওঠে। চিকিৎসকরা এক সপ্তাহ পরে স্বীকার করেন যে হাসপাতালে ভর্তি থাকার সময় করা ইসিজি পরীক্ষায় তারা কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন, যদিও তখন তারা জনসাধারণকে আশ্বস্ত করেছিলেন যে প্রধানমন্ত্রীর হৃদযন্ত্র ‘সম্পূর্ণ স্বাভাবিক’ ছিল।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ