প্রিন্ট এর তারিখ : ২৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬
মার্কিন হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরানে মার্কিন সামরিক হামলার পর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪০ ডলার বা প্রায় ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ৫৬ ডলারে দাঁড়িয়েছে, যদিও এর আগের সেশনে ব্রেন্টের দাম ৭ শতাংশ কমে গিয়েছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ২৫ ডলারে, যা শুক্রবারের তুলনায় এখনো প্রায় ৫ দশমিক ৫ শতাংশ কম। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে এখনো চূড়ান্ত সমঝোতা না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে তেলের বাজারে।মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের সেনাদের সুরক্ষার স্বার্থে ইরানের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও মাইন পেতে থাকা কয়েকটি নৌযানে হামলা চালানো হয়েছে। অন্যদিকে, সোমবার হরমুজ প্রণালির কাছাকাছি বন্দর আব্বাস ও উপকূলীয় এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। যুদ্ধ শুরুর পর থেকে ইরান উপসাগরীয় অঞ্চলে অ-ইরানি জাহাজ চলাচল সীমিত করে রাখায় বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ বাধাগ্রস্ত হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ৫০ শতাংশের বেশি বেড়েছে।এমন পরিস্থিতির মাঝেই যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারকের বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে উভয় পক্ষ। সোমবার কাতারের রাজধানী দোহায় সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা করেছেন ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী। সম্ভাব্য এই চুক্তির আওতায় ইরান ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি থেকে মাইন সরিয়ে নিতে পারে, যার ফলে সব দেশের জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে এবং ইরান ট্রানজিট ফি আদায় বন্ধ করবে।বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, বিনিয়োগকারীরা আশা করছেন সমঝোতা হলে দীর্ঘদিন আটকে থাকা তেলবাহী জাহাজগুলো আবার স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী তথ্য অনুযায়ী, সাম্প্রতিক দিনগুলোতে পাকিস্তান, চীন ও ভারতের উদ্দেশ্যে কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং প্রায় তিন মাস আটকে থাকার পর ইরাকি তেলবাহী একটি সুপারট্যাঙ্কারও চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ