প্রিন্ট এর তারিখ : ২৯ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬
দুবাইয়ে ইরানি হামলায় ৫ শতাধিক মার্কিন সেনা হতাহত
ঢাকা নিউজ ডেস্ক ||
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইরানের এক ভয়াবহ প্রতিশোধমূলক হামলায় ৫০০ জনেরও বেশি মার্কিন সেনা সদস্য হতাহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। শনিবার ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এক বিবৃতিতে জানান, দুবাইয়ে মার্কিন সেনাদের দুটি গোপন আস্তানা শনাক্ত করে সেখানে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। প্রথম আস্তানায় প্রায় ৪০০ এবং দ্বিতীয়টিতে ১০০ জনেরও বেশি সেনার অবস্থান ছিল। আইআরজিসি’র এই সাঁড়াশি অভিযানে আস্তানা দুটি লণ্ডভণ্ড হয়ে গেছে এবং কয়েক ঘণ্টা ধরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিহত ও আহত মার্কিন কমান্ডারদের সরিয়ে নিতে দেখা গেছে।ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এই অঞ্চলটি এখন মার্কিন সৈন্যদের জন্য একটি কবরস্থানে পরিণত হতে যাচ্ছে। এর আগে শুক্রবারই ইরান পুরো মধ্যপ্রাচ্যের বেসামরিক নাগরিকদের সতর্ক করে দিয়েছিল যেন তারা মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকাগুলো থেকে দূরে থাকেন। ইরানের দাবি, তাদের সশস্ত্র বাহিনীর চূড়ান্ত হামলার মুখে আগ্রাসী মার্কিন বাহিনী মূল ঘাঁটি ছেড়ে বিভিন্ন গোপন স্থানে আত্মগোপন করেও শেষ রক্ষা পাচ্ছে না। এই হামলাকে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পাল্টা জবাব হিসেবে দেখছে তেহরান।মূলত গত এক মাস ধরে ইরানজুড়ে চলা মার্কিন-ইসরায়েলি বিমান হামলার বিপরীতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। কাতার, বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতেও হামলার তীব্রতা বেড়েছে। সামরিক ঘাঁটির পাশাপাশি এসব দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও জ্বালানি স্থাপনাগুলোকেও তেহরান তাদের নিশানায় পরিণত করেছে, যা পুরো অঞ্চলের যুদ্ধ পরিস্থিতিকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ