প্রিন্ট এর তারিখ : ২৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬
ঈদের আগের দিনেও ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১
ঢাকা নিউজ ডেস্ক ||
লেবাননসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হলেও চলমান যুদ্ধ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেখানে এবার ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে। মঙ্গলবার দক্ষিণ ও পূর্ব লেবাননে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার অঙ্গীকার করার পর এই হামলার ঘটনা ঘটেছে।বুধবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার লেবাননের বিভিন্ন আবাসিক এলাকা, অবকাঠামো ও সীমান্তঘেঁষা অঞ্চলে একযোগে হামলা চালায় ইসরাইলি বাহিনী, যা সাম্প্রতিক সময়ে অন্যতম ভয়াবহ একটি হামলা। এই হামলার পর বহু এলাকায় ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর শতাধিক স্থাপনা ও যোদ্ধাকে লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটিকে সবচেয়ে বড় সামরিক অভিযান বলেও তাদের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। এর আগে সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন এবং মঙ্গলবার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে জানান যে লেবাননে ইসরাইলের সামরিক অভিযান আরও জোরদার করা হচ্ছে।নেতানিয়াহু দাবি করেছেন, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী স্থলভাগে বড় আকারের অভিযান পরিচালনা করছে এবং গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিচ্ছে। উত্তর ইসরাইলের জনবসতিকে হিজবুল্লাহর হামলা থেকে সুরক্ষা দিতেই মূলত নিরাপত্তা অঞ্চল শক্তিশালী করা হচ্ছে বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে।এদিকে চলমান যুদ্ধবিরতি বারবার লঙ্ঘনের ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে, যা যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান জটিল কূটনৈতিক আলোচনাকেও বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী; যা মূলত ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সমুদ্রপথে মাইন পেতে রাখা নৌযানকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানা গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ