প্রিন্ট এর তারিখ : ০১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬
ইরান পরমাণু অস্ত্র না তৈরির গ্যারান্টি দিয়েছে: ট্রাম্প
ঢাকা নিউজ ডেস্ক ||
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না— এমন একটি গ্যারান্টি তিনি তেহরানের পক্ষ থেকে পেয়েছেন। স্থানীয় সময় গত শনিবার (৩০ মে) এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর দাবি করেন।প্রেসিডেন্ট ট্রাম্পের এই সাক্ষাৎকারটি নিয়েছিলেন তাঁর পুত্রবধূ লারা ট্রাম্প, যিনি ট্রাম্পের তৃতীয় সন্তান এরিক ট্রাম্পের স্ত্রী। লারা ট্রাম্পের নিজস্ব পডকাস্ট শো’তে ট্রাম্প অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই বক্তব্য দেন এবং মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ সেই পডকাস্ট শো’টি সরাসরি সম্প্রচার করেছে।সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন, তিনি মূলত ইরানের কাছ থেকে এমন একটি গ্যারান্টি চাচ্ছিলেন যেন তারা কখনো পরমাণু অস্ত্র তৈরি না করে এবং চমৎকার ব্যাপার হলো যে তেহরান এ ব্যাপারে শেষ পর্যন্ত রাজি হয়েছে।তবে ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করলেও ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে এর কোনো প্রতিফলন বা সত্যতা পাওয়া যায়নি। ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে উল্টো বলা হয়েছে, ওয়াশিংটন তেহরানের যে ১ হাজার ২০০ কোটি ডলার অর্থ ফ্রিজ বা আটকে রেখেছে, সেই অর্থ সম্পূর্ণ অবমুক্ত করলেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনায় বসবে ইরান।এর পাশাপাশি ইরানের ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস করা হবে বলে ট্রাম্প যে দাবি করেছেন, সেটিকেও সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প ইস্যুটিকে কেন্দ্র করে দীর্ঘ প্রায় দু’দশক ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন চলছে। ওয়াশিংটনের মূল দাবি হলো, শান্তিপূর্ন পরমাণু প্রকল্পের আড়ালে ইরান আসলে পরমাণু অস্ত্র তৈরি করছে; যদিও ইরান যুক্তরাষ্ট্রের এই দাবি শুরু থেকেই সবসময় প্রত্যাখ্যান করে আসছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ