প্রিন্ট এর তারিখ : ০১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
ঢাকা নিউজ ডেস্ক ||
নাটোরের সিংড়ায় মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার বন্দর আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।এ দুর্ঘটনায় নিহতরা হলেন— লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন (১৮) এবং নাটোর সদরের ইসলামবাড়ি গ্রামের মতালিব হোসেনের ছেলে মুক্তার হোসেন ওরফে হীরা (৩২)।দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা সাইফুল ইসলাম নামের আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। ২৬ বছর বয়সী সাইফুল ইসলাম নাটোর আলাইপুরের তৈয়ব আলীর ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সিংড়া থানার ভারপ্রাপ্ত ওসি রফিকুল ইসলাম জানান, সোমবার সকালে মহাসড়কের বন্দর আমতলা এলাকায় একটি মিনি ট্রাকের সঙ্গে বিপরীতগামী একটি পালসার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং একজন আহত হন।এদিকে নাটোরের সিংড়াতেই মোটরসাইকেলের ধাক্কায় আসমা খাতুন নামের ৪৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুন্ডরী গ্রামীণ সড়কে একটি অজ্ঞাত বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত আসমা খাতুন উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী গ্রামের আজিম উদ্দিনের মেয়ে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ